নিজস্ব প্রতিবেদক::
ভোলার রাজাপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সিফাত হত্যার বিচারের দাবিতে আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এঘটনায় আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) কার্যালয়ে ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ একাধিক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে শহরের নতুন বাজার এলাকায় বিজেপির জেলা কার্যালয়ের সামনে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বড়ো ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী বিকালে জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড় ও কালীবাড়ির চত্বর হয়ে দলীয় কার্যালয়ে ফেরার পথে হঠাৎ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে মিছিলকারীদের একটি অংশ উত্তেজিত হয়ে নতুন বাজার এলাকায় অবস্থিত জেলা বিজেপি অফিসের সামনে জড়ো হয়। তারা অফিসে ডুকে পার্থের অফিস ভাংচুর করে।
এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সুযোগে বিএনপি নেতাকর্মীরা বিজেপির জেলা কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। কার্যালয়ের তালা ভেঙে তারা ভেতরে ঢুকে আসবাবপত্র ও টেলিভিশন ভাঙচুর করে। লুট করে নেয় অফিসের জিনিষপত্র।
জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লা বলেন, ‘বিকাল পর্যন্ত আমাদের অফিস বন্ধ ছিল। বিএনপির মিছিল যাওয়ার সময় একদল সন্ত্রাসী অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং অফিস চত্বরে অশোভন কর্মকা- চালায়।’
তবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সিফাত হত্যার বিচার দাবিতে বিএনপি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেছে। বিজেপির অফিসে ভাঙচুরের ঘটনায় বিএনপি বা আমাদের নেতাকর্মীদের কোনও সংশ্লিষ্টতা নেই।’
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং একদল দুর্বৃত্ত বিজেপির অফিসে ভাঙচুরের চেষ্টা করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়তে বাধ্য হয় পুলিশ।’
