নতুন বছর সঞ্চয়পত্রের মুনাফা আরও কমালো সরকার

নতুন বছর সঞ্চয়পত্রের মুনাফা আরও কমালো সরকার
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

নতুন বছরের শুরুতেই সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য এসেছে হতাশার খবর। সরকার সঞ্চয়পত্রের সুদহার দেড় শতাংশ কমিয়েছে।

২০২৬ সালের ১লা জানুয়ারি থেকে কেনা সঞ্চয়পত্রে মেয়াদ শেষে গড়ে সাড়ে ১০ শতাংশের কাছাকাছি মুনাফা পাওয়া যাবে, যেখানে এতদিন তা প্রায় ১২ শতাংশ ছিল। নতুন এই হার আগামী ছয় মাস ১লা জানুয়ারি থেকে ৩০শে জুন পর্যন্ত কেনা সঞ্চয়পত্রের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে এর আগে কেনা সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা আগের ঘোষিত সুদহারেই মুনাফা পাবেন। এই খবরে হতাশ হয়েছেন সঞ্চয়পত্র বিনিয়োগকারীরা।

এ বিষয়ে গত ১লা জানুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকার সঞ্চয়পত্রের সুদহার অপরিবর্তিত রাখলেও ইউনূস সরকার গত বছরের জানুয়ারি থেকে তা সরকারি ট্রেজারি বিল ও বন্ডের সুদহারের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করছে। বর্তমানে পাঁচ ও দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সর্বশেষ ছয় মাসের গড় নিলাম সুদহারকে ভিত্তি ধরে সঞ্চয়পত্রের মুনাফা ঠিক করা হয়।

সাম্প্রতিক সময়ে ট্রেজারি বিল ও বন্ডের সুদহার কমে যাওয়ায় সঞ্চয়পত্রের মুনাফা হারও ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে। এর আগে জুলাই ডিসেম্বর সময়ের জন্যও সুদহার সামান্য কমানো হয়েছিল।

বর্তমানে দেশে চার ধরনের সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট নামে একটি সরকারি সঞ্চয় স্কিম চালু রয়েছে। প্রতিটি স্কিমে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত এবং এর বেশি বিনিয়োগে ভিন্ন হারে সুদ নির্ধারণ করা হয়। একজন ব্যক্তি সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারেন।

সঞ্চয়পত্রের পাশাপাশি ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাব এবং প্রবাসীদের জন্য তিন ধরনের বন্ডে বিনিয়োগের সুযোগ রয়েছে। এসব স্কিমে সুদহার অপরিবর্তিত রাখা হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকা বা এর কম বিনিয়োগে মেয়াদ শেষে মুনাফা পাওয়া যাবে ১০.৪৪ শতাংশ হারে, যা আগে ছিল ১১.৮৩ শতাংশ। একই মেয়াদে সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা কমে দাঁড়িয়েছে ১০.৪১ শতাংশ।

তিন বছর মেয়াদি তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফা নির্ধারণ করা হয়েছে ১০.৪৮ শতাংশ, যেখানে আগে ছিল ১১.৮২ শতাংশ। এর বেশি বিনিয়োগে মুনাফা হবে ১০.৪৩ শতাংশ, যা আগে ছিল ১১.৭৭ শতাংশ।

পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফা কমিয়ে ১০.৫৯ শতাংশ করা হয়েছে; আগে যা ছিল ১১.৯৮ শতাংশ। একই স্কিমে এর বেশি বিনিয়োগে মুনাফা দাঁড়াবে ১০.৪১ শতাংশ, যা আগে ছিল ১১.৮০ শতাংশ।

এছাড়া পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফা হবে ১০.৫৪ শতাংশ; আগে যা ছিল ১১.৯৩ শতাংশ। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা নির্ধারিত হয়েছে ১০.৪১ শতাংশ, যেখানে আগে ছিল ১১.৮০ শতাংশ।

তিন বছর মেয়াদি পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট হিসাবেও একইভাবে সুদহার কমানো হয়েছে। সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফা পাওয়া যাবে ১০.৪৮ শতাংশ এবং এর বেশি বিনিয়োগে ১০.৪৩ শতাংশ। আগে এসব ক্ষেত্রে মুনাফার হার ছিল যথাক্রমে ১১.৮২ ও ১১.৭৭ শতাংশ।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্ধারিত মেয়াদের আগে সঞ্চয়পত্র বা ডিপোজিট ভাঙানো হলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছর শেষে তুলনামূলক কম হারে মুনাফা দেওয়া হবে। যেসব স্কিমে মেয়াদ চলাকালে নিয়মিত মুনাফা পরিশোধ করা হয়, সেখানে মেয়াদ শেষে মূল টাকার সঙ্গে নির্ধারিত হারে সমন্বয় করা হবে।

Visited 16 times, 1 visit(s) today