চট্টগ্রামে চাঁদা না পেয়ে দিনেদুপুরে ব্যবসায়ীর বাড়িতে শিবির সাজ্জাদের অনুসারীদের গুলি

চট্টগ্রামে চাঁদা না পেয়ে দিনেদুপুরে ব্যবসায়ীর বাড়িতে শিবির সাজ্জাদের অনুসারীদের গুলি
শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো

চাঁদা না দেওয়ায় চট্টগ্রাম নগরে এক শীর্ষস্থানীয় ব্যবসায়ীর বাসভবন লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে।

শুক্রবার সকালে চকবাজার থানার চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। সে সময় তিনি ও তার পরিবারের সদস্যরা বাসায় উপস্থিত থাকলেও গুলিতে কেউ হতাহত হননি।

পুলিশের প্রাথমিক ধারণা, চাঁদা না পাওয়ার জেরে বিদেশে পলাতক এইট মার্ডারের অন্যতম হোতা ইসলামী ছাত্রশিবিরের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নির্দেশে তার সহযোগীরা এই গুলিবর্ষণ করেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্মার্ট গ্রুপ একটি বড় শিল্পগোষ্ঠী, যার পোশাক, টেক্সটাইল, রিয়েল এস্টেট ও জ্বালানি খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে।

পড়ুন: চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড > ক্ষমতার দ্বন্দ্বে মরিয়া বিএনপি-জামায়াতের শীর্ষ সন্ত্রাসীরা: বাড়ছে অত্যাধুনিক অস্ত্রের মজুদ: পর্ব-১

নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া জানান, সকাল ৭টার দিকে একটি মাইক্রোবাসে করে আসা ৮ মুখোশধারী মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। বাড়ির গেট ও পেছনের অংশে গুলির চিহ্ন পাওয়া গেছে।

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল শিবিরের কুখ্যাত কিলার বড় সাজ্জাদ, বর্তমানে দুবাই পলাতক

তিনি আরও জানান, চাঁদার দাবিতে ভয় দেখানোর উদ্দেশ্যেই এই গুলিবর্ষণ করা হয়েছে। দুবাইভিত্তিক একটি নম্বর থেকে আগেই চাঁদা দাবি করা হয়েছিল, তবে বিষয়টি পরিবারের পক্ষ থেকে কাউকে জানানো হয়নি। এ ঘটনায় কুখ্যাত শিবির ক্যাডার বড় সাজ্জাদের সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশ সন্দেহ করছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাজ্জাদ ১ কোটিরও বেশি টাকা চাঁদা দাবি করেছিলেন।

পড়ুন: চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড > সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব

মুজিবুর রহমান জানান, প্রায় দেড় মাস আগে বড় সাজ্জাদ পরিচয়ে এক ব্যক্তি বিদেশি নম্বর থেকে ফোন করে টাকা দাবি করেন, কিন্তু তিনি বিষয়টি গুরুত্ব দেননি। আজকের গুলিবর্ষণের ঘটনার সময় তিনি ঘুমিয়ে ছিলেন।

ছাত্রলীগের নেতাকর্মীদের হত্যাকারী এইট মার্ডারের আসামি সাজ্জাদের অনুসারীদের বিরুদ্ধে টার্গেট কিলিং, চাঁদাবাজি ও হামলাসহ অসংখ্য অভিযোগ রয়েছে।

আরেক কুখ্যাত সন্ত্রাসী ছোট সাজ্জাদ, বড় সাজ্জাদের হাতে গড়া শীর্ষ সন্ত্রাসী

গত ১৪ই ডিসেম্বর নগরের পাঁচলাইশ এলাকার একটি নির্মাণাধীন ভবনে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা চালানো হয়। ওই ঘটনায় মামলা হলে পুলিশ অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করে। সেই ঘটনার সঙ্গেও সাজ্জাদের লোকজন জড়িত বলে পুলিশের ভাষ্য।

পুলিশ জানায়, চাঁদা না পেলেই বড় সাজ্জাদের অনুসারীরা গুলিবর্ষণসহ সহিংসতায় জড়ায়। নগরের বিভিন্ন থানা এলাকা এবং জেলার কয়েকটি উপজেলায় তাদের তৎপরতায় লাখো মানুষ আতঙ্কে রয়েছে।

গত বছরের ৫ আগস্টের পর থেকে জেলায় সংঘটিত ১০টি হত্যাকাণ্ডে বড়-ছোট উভয় সাজ্জাদের অনুসারীদের নাম উঠে এসেছে। আধিপত্য বিস্তার ও টার্গেট কিলিংয়ের ঘটনা বেড়ে চলেছে সাম্প্রতিক সময়ে।

Visited 39 times, 1 visit(s) today