নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
আজ ৯ই জানুয়ারি, শুক্রবার বিকেলে গুলশানস্থ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিকেল সোয়া ৪টার দিকে পাকিস হাইকমিশনার গুলশান কার্যালয়ে পৌঁছালে বিএনপির কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান।
বিএনপির ভেরিফায়েড ফেসবুকে সাক্ষাতের সময়কার একটি ছবি পোস্ট করে জানানো হয়েছে, শুক্রবার বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
তবে উভয়ের মাঝে কী নিয়ে বৈঠক হয়েছে, এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। বিএনপি কার্যালয় সূত্রের সাথে যোগাযোগ করেও নির্ভরযোগ্য কিছু জানা সম্ভব হয়নি।
দায়িত্বশীল কর্মকর্তাদের দাবি, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে তাদের মধ্যে আলাপ হয়েছে।
তবে এর বাইরে বিএনপির স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয়ে আলাপচারিতা হয়েছে বলে আভাস মিলেছে।
হঠাৎ নির্বাচনের আগে পাকিস্তানের সাথে কী নিয়ে আলোচনা এবং কেন এই ঢাক ঢাক গুড় গুড়- এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।
