তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলে গালি দিয়ে আলোচনায় আসা বিসিবি পরিচালক নাজমুল ইসলাম এবার ক্রিকেটারদের আক্রমণ করে কথা বলেছেন। ক্রিকেটাররা বড় কিছু জিততে পারেন না বলে ব্যঙ্গ করে তিনি বলেন, বিশ্বকাপে অংশ না নিলে বিসিবির কোনো ক্ষতি নেই, ক্ষতি হবে ক্রিকেটারদের।
মোস্তাফিজুর রহমান-কে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত জানায় বিসিবি। নিরাপত্তার দোহাই দিয়ে ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে আহ্বান করে তারা।
বিশ্বকাপ ইস্যু এখনো ঝুলন্ত। এদিকে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানিয়েছে, দেশের ক্রিকেটের স্বার্থে বাংলাদেশ দলের বিশ্বকাপে খেলা উচিত। বিশ্লেষকদের মতে, আইসিসি ভেন্যু বদল না করলে এবং বিসিবি ভারতে গিয়ে না খেললে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বোর্ডকে। এমনকি ভেন্যু সরিয়ে নিলেও ভবিষ্যতে ভারত বাংলাদেশে সফর না করলে আর্থিক সংকট তৈরি হবে, যা বহুজাতিক আসর আয়োজনের ক্ষেত্রেও অনিশ্চয়তা তৈরি করতে পারে।
এই বিষয়ে আজ (বুধবার) সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল বলেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটাররা খেললে প্রতিটি ম্যাচে তারা ম্যাচ ফি পায়। এছাড়া ম্যান অব দ্য ম্যাচ বা বিশেষ পারফরম্যান্সের জন্য আইসিসির নিয়ম অনুযায়ী যা পাওয়ার সেটা তারাই পায়। ওটা একান্তই প্লেয়ারদের পাওনা, এর সঙ্গে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নেই। অর্থাৎ বোর্ডের এখানে লাভ বা ক্ষতির কোনো বিষয় নেই, অন্তত এই বিশ্বকাপের জন্য।”
তবে বাস্তবতা হলো, বিসিবি চলেই ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে। আইসিসি থেকে প্রাপ্ত প্রাইজমানি এবং রাজস্ব আয়ের একটি বড় অংশ বিসিবির তহবিলে যুক্ত হয়।
ক্রিকেটাররা ক্ষতির মুখে পড়লে সেখানে বিসিবির দায় আছে কি না—এমন প্রশ্নে নাজমুল ক্রিকেটারদের অর্জন নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।”
ক্রিকেটারদের পেছনে বিনিয়োগকে অনেকটা ‘নিষ্ফল’ দাবি করে তিনি আরও বলেন, “আমরা ওদের পেছনে এত খরচ করছি, কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা কি একটাও বৈশ্বিক ট্রফি বা অ্যাওয়ার্ড পেয়েছি? আমরা তাহলে প্রত্যেকবারই বলতে পারি যে তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি সেটা এবার ফেরত দাও।”
বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান নাজমুল আইসিসি থেকে প্রাপ্ত রাজস্ব নিয়ে সৃষ্ট ধোঁয়াশা প্রসঙ্গে বলেন, “অনেকে ফিন্যান্সিয়াল বিষয়গুলো নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। কেউ কেউ বলছেন আমরা আইসিসি থেকে ২৭ মিলিয়ন ডলার পাই, যা সঠিক নয়। আমরা প্রতি বছর ২০.৪ মিলিয়ন ডলার পাই। এছাড়া ৪ মিলিয়ন ডলার আইসিসির কাছে রিজার্ভ থাকে। তিন-চার বছর পর পর বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট শেষে ওরা ওটা রিইম্বার্স করে। এটা শুধু আমাদের জন্য নয়, প্রতিটা দেশের জন্য নিয়ম একই। এই ৪ মিলিয়ন ডলার বাদে বাকিটাই বিসিবি আইসিসি থেকে পাচ্ছে।”
