❐ বিডি ডাইজেস্ট ডেস্ক
জুলাই দাঙ্গার মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে ২০২৪ সালের ৮ই আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়। এর পরের মাস সেপ্টেম্বরেই ভারতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে উস্কানিমূলক বক্তব্যে ইউনূস বলেন, শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে কেউ স্বস্তিতে নেই। এরপর সরকারসংশ্লিষ্ট অনেকেই বিভিন্ন সময় ভারতের ওপর নির্ভরতা কমানোর কথা বলেন।
ডিসেম্বরে খাদ্য উপদেষ্টা জানান, ভারত ছাড়াও সরকারিভাবে মিয়ানমার, থাইল্যান্ড, পাকিস্তানসহ কয়েকটি দেশ থেকে চাল আমদানি করা হবে। একই মাসে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আলু ও পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প উৎস খোঁজার কথা জানায়।
গত বছরের এপ্রিলে ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করা হয়। পাশাপাশি নিউজপ্রিন্ট, গুঁড়া দুধ, সাইকেল ও মোটর পার্টস, সিরামিক ও স্যানিটারিওয়্যার, টাইলসসহ আরও বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের ডাকও দেখা যায়। তবে এসব পদক্ষেপের পরও ২০২৪–২৫ অর্থবছরে ভারত থেকে আমদানিতে কোনো বড় ধরনের প্রভাব পড়েনি।
বরং গত বছরের ডিসেম্বরে প্রকাশিত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী, আগের অর্থবছরের তুলনায় ভারত থেকেই আমদানি ব্যয়ের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছে—৭.৮৩ শতাংশ। সংশ্লিষ্টদের মতে, ভারত থেকে সরকারি ক্রয় বাড়ায় এই প্রবৃদ্ধি হয়েছে।
২০২৫ সালের ৯ই এপ্রিল ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে, ফলে তাদের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য পাঠানো বন্ধ হয়ে যায়। এর কয়েক দিনের মধ্যেই, ১৫ই এপ্রিল এনবিআর ঘোষণা দেয় যে ভারত থেকে সুইং সুতা ও কিছু কাঁচামাল স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না। এতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে উত্তেজনা বাড়ে।
সর্বশেষ স্থানীয় শিল্প সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে ভারত থেকে সুতা আমদানিতে সেফগার্ড শুল্ক আরোপের বিষয়টি আলোচনায় এসেছে।
শিল্পায়ন, রপ্তানিমুখী উৎপাদন ও ভোগ্যপণ্যের চাহিদা মেটাতে বাংলাদেশকে প্রতি বছর বিপুল পরিমাণ পণ্য আমদানি করতে হয়। টাকার অঙ্কে সবচেয়ে বেশি আমদানি হয় চীন থেকে, আর দ্বিতীয় অবস্থানে আছে ভারত। মোট আমদানির ৪৪ শতাংশের বেশি আসে এই দুই দেশ থেকে।
২০২৪ সালের ৫ই আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর শেখ হাসিনার ভারতে অবস্থানকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির সম্পর্কে আস্থার সংকট তৈরি হয়। এর ধারাবাহিকতায় সীমান্তে উত্তেজনা, কূটনৈতিক ভাষায় কঠোরতা, ভিসা ও কনস্যুলার সেবা সীমিত করা এবং পুশ-ইনের মতো নিরাপত্তা ইস্যু সামনে এসেছে।
২০২৫ সালে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল, স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানিতে কড়াকড়ি এবং কাঁচা পাট ও সুতা আমদানি–রপ্তানিতে নানা বিধিনিষেধ আরোপের ফলে বাংলাদেশ ও ভারতের টানাপড়েন শুধু কূটনীতি বা রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এর প্রভাব বাণিজ্য ও অর্থনীতিতেও পড়তে শুরু করে।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের মোট পণ্য আমদানিতে ব্যয় বেড়েছে ২.৪৪ শতাংশ। তবে ভারত থেকে আমদানির ক্ষেত্রে এই প্রবৃদ্ধি অনেক বেশি—৭.৮৩ শতাংশ।
দেশভিত্তিক আমদানি ব্যয়ের হিসাবে দেখা যায়, ২০২৪–২৫ অর্থবছরে সবচেয়ে বেশি পণ্য আমদানি হয়েছে চীন থেকে, যা মোট আমদানির ৩০.০২ শতাংশ। এ সময় দ্বিতীয় অবস্থানে ছিল ভারত এবং তৃতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র। ভারতের অংশ ছিল ১৪.১৮ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ৩.৬৭ শতাংশ।
তৈরি পোশাক, টেক্সটাইল, বিদ্যুৎ উৎপাদন, নির্মাণসহ ভোক্তা বাজার—দেশের প্রায় সব খাতই কোনো না কোনোভাবে আমদানির ওপর নির্ভরশীল।
অর্থনীতিবিদরা মনে করেন, এই আমদানিনির্ভরতা কমাতে স্থানীয় শিল্পের সক্ষমতা বাড়ানো এবং একাধিক দেশ থেকে আমদানি করার ব্যবস্থা গড়ে তোলা এখন বড় চ্যালেঞ্জ।
অর্থনৈতিক সমীক্ষার তথ্য বলছে, ২০২৩–২৪ অর্থবছরে ভারত থেকে বাংলাদেশ আমদানি করেছিল প্রায় ৮৯৮ কোটি ৯০ লাখ ডলারের পণ্য। পরের অর্থবছরে তা ৭.৮৩ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রায় ৯৬৯ কোটি ৩০ লাখ ডলারে।
গত পাঁচ দশকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণ ধীরে ধীরে বেড়েছে। দুই দেশের মোট বাণিজ্যের প্রায় ৮৫ শতাংশই ভারত থেকে বাংলাদেশের আমদানিনির্ভর।
২০২৪ সালের ৫ই আগস্টের রাজনৈতিক পরিবর্তন কিংবা এরপর দুই দেশের সম্পর্কে টানাপড়েন তৈরি হলেও এই বাস্তবতায় তেমন কোনো পরিবর্তন আসেনি। বাণিজ্য বিশ্লেষকদের মতে, ভারত থেকে আমদানি বাড়ার মূল কারণ বাজার অর্থনীতির স্বাভাবিক গতি।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, অর্থনীতি নিজের নিয়মেই চলে। যেখানে ভোক্তা ও ব্যবসায়ীরা কম দামে পণ্য বা কাঁচামাল পান, সেখান থেকেই তারা আমদানি করেন। প্রতিবেশী দেশ হওয়ায় ভারত ও চীন থেকে পণ্য আনতে খরচ কম হয় এবং সময়ও লাগে কম। এসব দেশে উৎপাদিত পণ্যের মান ও প্রতিযোগিতা সক্ষমতাও ভালো, তাই সেখান থেকেই আমদানি বেশি হচ্ছে—এটাই বাজার অর্থনীতির স্বাভাবিক প্রবণতা।
তিনি আরও বলেন, মাঝেমধ্যে রাজনৈতিক বা বাণিজ্যিক টানাপড়েনের কারণে নানা বাধা তৈরি হয়, যেমন অশুল্ক প্রতিবন্ধকতা। এতে কিছুটা প্রভাব পড়ে ঠিকই, কিন্তু সেটি তখনই বড় বাধা হয়, যখন অন্য দেশ থেকে পণ্য আনতে খরচ ও সময় কম পড়ে। উদাহরণ হিসেবে তিনি বলেন, স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ হলেও ভারত থেকে জাহাজে করে এখনো সুতা আসছে। যদি শুল্ক বা বাধা খুব বেশি বাড়ানো হয়, তখন আমদানি কমতে পারে। তবে যত দিন সস্তায় আমদানি সম্ভব, তত দিন আমদানি চলতেই থাকবে—বাস্তবে সেটাই দেখা যাচ্ছে।
২০২৪ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশ–ভারত সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে। বাংলাদেশ অভিযোগ করে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে এবং কিছু জায়গায় বাংলাদেশের ভেতরে ঢুকে কাজ করছে। এ নিয়ে বিজিবি একাধিকবার আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায়। একই সময় ভারত থেকে লোকজনকে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার (‘পুশ-ইন’) অভিযোগও সংবাদমাধ্যমে উঠে আসে।
ডিসেম্বর মাসে এই উত্তেজনা কূটনৈতিক সম্পর্কেও স্পষ্ট হয়ে ওঠে। নিরাপত্তা পরিস্থিতির কথা তুলে ধরে ঢাকায় ভারতীয় কূটনৈতিক তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। দুই দেশের বক্তব্য ও কূটনৈতিক ভাষায়ও কঠোরতা বাড়ে। মাসের শেষ দিকে ভিসা ও কনস্যুলার সেবা সীমিত করার আলোচনা শুরু হলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়।
২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সরকার দেশীয় পাটকল ও পাটভিত্তিক শিল্পে কাঁচামালের সরবরাহ ঠিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করে। ফলে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার পাটকলগুলোতে কাঁচা পাটের সংকট দেখা দেয়। ভারতীয় ব্যবসায়ী ও শিল্প মালিকরা অভিযোগ করেন, রাজনৈতিক টানাপড়েনের প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সীমান্ত বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে এবং বাণিজ্য উত্তেজনা আরও বাড়িয়েছে।
২০২৪ সালের শেষ ভাগ ও ২০২৫ সালের শুরুতে ভারত বিষয়টি দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনায় অনানুষ্ঠানিকভাবে তোলে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশ থেকে কাঁচা পাট না পাওয়ায় ভারতীয় পাট শিল্পকে এখন বেশি দামে অন্য দেশ থেকে কাঁচামাল কিনতে হচ্ছে। ঢাকা একে দেশের শিল্প সুরক্ষার সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করলেও দিল্লি এটিকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের অবনতির আরেকটি উদাহরণ হিসেবে দেখে।
২০২৫ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে ভারত তৃতীয় দেশে পণ্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। এটিকে রাজনৈতিক টানাপড়েনের সরাসরি অর্থনৈতিক প্রভাব হিসেবে দেখা হয়। এরপর ১৫ই এপ্রিল বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড ঘোষণা দেয়, ভারত থেকে সুইং সুতা ও কিছু কাঁচামাল স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না। এতে গার্মেন্টস ও টেক্সটাইল খাতে কাঁচামালের চাপ তৈরি হয় এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে উত্তেজনা আরও বেড়ে যায়।
এপ্রিলের শেষ ভাগ ও মে মাসে ভারত পাল্টা ব্যবস্থা হিসেবে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য ও আসবাবসহ কয়েকটি পণ্য স্থলবন্দর দিয়ে আমদানিতে সীমাবদ্ধতা আরোপ করে। এসব পণ্য এখন সমুদ্রবন্দর দিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। এতে বাংলাদেশের ছোট ও মাঝারি রপ্তানিকারকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন এবং দ্বিপক্ষীয় বাণিজ্যে বাস্তব সংকট তৈরি হয়।
২০২৫ সালের মে ও জুন মাসে রেল ও নৌপথে বাংলাদেশ–ভারতের পণ্য পরিবহন উল্লেখযোগ্যভাবে কমে যায়। এতদিন যে যোগাযোগ প্রকল্পগুলোকে দুই দেশের সম্পর্কের সাফল্য হিসেবে দেখানো হতো, সেগুলো কার্যত অচল হয়ে পড়ে। এটি দুই দেশের মধ্যে বাণিজ্যিক আস্থার অবনতির একটি নীরব কিন্তু গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হয়।
২০২৫ সালের দ্বিতীয়ার্ধে ভারত বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে কাস্টমস ক্লিয়ারেন্স, মান যাচাই ও বিভিন্ন নন-ট্যারিফ বাধা আরও কঠোর করে। সরাসরি শুল্ক না বাড়ালেও ঢাকার কাছে এসব পদক্ষেপ বাণিজ্যিক চাপ হিসেবেই ধরা পড়ে।
অন্যদিকে, নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ২০২৫ সালের ডিসেম্বরে ভারতে তাদের ভিসা ও কনস্যুলার সেবা সীমিত করে। ২০২৬ সালের জানুয়ারির শুরুতে এসব সীমাবদ্ধতা কার্যকর হলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। এমনকি এই টানাপড়েনের প্রভাব খেলাধুলার মাঠেও পড়তে শুরু করে।
২০২৪ সালের ৫ই আগস্টের পর বাংলাদেশ–ভারত সম্পর্ক ধাপে ধাপে জটিল হয়ে ওঠে। শুরুতে রাজনৈতিক আস্থার সংকট দেখা দেয়, এরপর সীমান্তে উত্তেজনা বাড়ে, কূটনৈতিক ভাষা কঠোর হয় এবং শেষ পর্যন্ত এর প্রভাব পড়ে বাণিজ্য ও অর্থনীতিতেও। সময়ের সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি একক কোনো বিষয় নয়, বরং বহুস্তরীয় বিরোধে রূপ নেয়, যা দুই দেশের সম্পর্ককে দীর্ঘ সময়ের জন্য অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।
ব্যবসায়ীদের মতে, দুই দেশের মধ্যে বিদ্যমান মতপার্থক্য ও দূরত্বের কারণে আমদানি–রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা এখন বাস্তব ক্ষতির মুখে পড়ছেন।
এ বিষয়ে ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ বলেন, রপ্তানিতে প্রভাব পড়লেও ভারত থেকে আমদানি এখনো স্বাভাবিকভাবেই চলছে, যদিও আগের তুলনায় পরিমাণ কমেছে।
তিনি জানান, প্রতিবেশী দেশ হওয়ায় দুই দেশের মধ্যে পণ্য পরিবহনের খরচ তুলনামূলক কম থাকে, ফলে বড় ধাক্কা লাগেনি।
তিনি আরও বলেন, গত বছর কিছু পণ্য আমদানি বন্ধ থাকলেও সরকার পরে চালসহ কয়েকটি পণ্যের আমদানির অনুমতি দিয়েছে। তার আশা, নির্বাচন হলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।
অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুযায়ী, আমদানির অর্থমূল্যে সবচেয়ে বড় উৎস দেশ চীন। তবে গত অর্থবছরে চীন থেকে আমদানির প্রবৃদ্ধি ভারতের তুলনায় কিছুটা কম ছিল। ২০২৩–২৪ অর্থবছরে চীন থেকে বাংলাদেশ আমদানি করেছিল প্রায় ১ হাজার ৯০৪ কোটি ৯০ লাখ ডলারের পণ্য। পরের অর্থবছরে তা ৭.৭৩ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রায় ২ হাজার ৫২ কোটি ২০ লাখ ডলারে।
চীন ও ভারতের পর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম আমদানি উৎস যুক্তরাষ্ট্র। ২০২৪–২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয়েছে প্রায় ২৫০ কোটি ৬০ লাখ ডলারের পণ্য, যেখানে আগের অর্থবছরে এই অঙ্ক ছিল ২৮৮ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে আমদানি কমেছে ১৩.০৭ শতাংশ। একই সময়ে মালয়েশিয়া থেকে আমদানি কমেছে ১৪.১৮ শতাংশ এবং তাইওয়ান থেকে কমেছে ৮.০১ শতাংশ।
কূটনৈতিক মহলের মতে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক একমাত্রিক নয়; এটি বহুস্তরীয় ও জটিল।
সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক—সব মিলিয়ে একটি আন্তঃনির্ভরশীল কাঠামো রয়েছে। বর্তমানে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে টানাপড়েন চললেও অর্থনৈতিক ক্ষেত্র ও মানুষের পারস্পরিক যোগাযোগ এখনো পুরোপুরি বন্ধ হয়নি। এ কারণেই রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও আমদানিতে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।
দীর্ঘমেয়াদে এই টানাপড়েনের প্রভাব সম্পর্কে তিনি বলেন, যদি রাজনৈতিকভাবে দুই দেশের সম্পর্ক কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে ব্যবসা–বাণিজ্যের সুযোগ সংকুচিত হয়ে যাবে। যদিও এখনো অর্থনৈতিক লেনদেন পুরোপুরি বাধাগ্রস্ত হয়নি, তবে রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিন খারাপ থাকলে একসময় তা অর্থনৈতিক সম্পর্কের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে।
