১৪০ কোটি টাকা ব্যয়ে “হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারি প্রচারণা: সমালোচনার মুখে ইসির নিষেধাজ্ঞা

১৪০ কোটি টাকা ব্যয়ে “হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারি প্রচারণা: সমালোচনার মুখে ইসির নিষেধাজ্ঞা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গণভোটের পক্ষে প্রচারণার নির্দেশনা ও এ খাতে প্রায় ১৪০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়ে যখন বিভিন্ন মহলে সমালোচনা চলছে, ঠিক সেই প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তাদের ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচারণায় নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানিয়েছে, গণভোটে নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতেই আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসন্ন গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে কোনো ধরনের প্রচার চালাতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে ইতোমধ্যে সব রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন। তবে তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কোনোভাবেই আহ্বান জানাতে পারবেন না।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মকর্তাদের পক্ষপাতমূলক ভূমিকা গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে। আইন অনুযায়ী এটি একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ কারণে সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছিল, গণভোটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো পক্ষের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না। তবে ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখতে পারবেন।

উল্লেখ্য, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এর আগে গণভোটের পক্ষে জনসচেতনতা ও প্রচারণা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়। এ উদ্দেশ্যে প্রায় ১৪০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক ও নাগরিক বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হলে বিষয়টি আলোচনায় আসে।

নির্বাচন কমিশনের সর্বশেষ নির্দেশনাকে ওই সমালোচনার প্রেক্ষাপটেই নেওয়া সিদ্ধান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, গণভোটের গ্রহণযোগ্যতা বজায় রাখতে এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করতেই তারা আইন অনুযায়ী এই অবস্থান নিয়েছে।

Visited 17 times, 1 visit(s) today