জেলা প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্রসহ তাছলিমা আক্তার (৩৫) নামের এক নারীকে আটক করেছে র্যাব।
২৮শে জানুয়ারি, দিবাগত রাত ১টার দিকে হরিণাকুণ্ডু পৌর এলাকার চটকাবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক তাছলিমা আক্তার ওই গ্রামের হোসেন আলীর স্ত্রী।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী বিষয়টি নিশ্চত করেছেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে হরিণাকুণ্ডু পৌরসভার চটকাবাড়িয়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি হোসেন আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ২ কেজি গাঁজা ও ৮টি রাম দা-সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাছলিমা আক্তারকে আটক করা হয়।’
কোম্পানি কমান্ডার আরো বলেন, ‘এ ঘটনায় মূল অভিযুক্ত হোসেন আলী পলাতক। তিনি এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছেন।
তাকে আটকের জন্য অভিযান চলছে। আটক নারীর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে।’
