নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুর সদরে আসন্ন নির্বাচনকে সামনে রেখে অবৈধভাবে ভোটের সিল তৈরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম সোহেল রানা। তার কাছ থেকে ৬টি ভোটের সিল ও একটি কম্পিউটার জব্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর শহরের জুবলি দিঘির পাড় এলাকায় অবস্থিত মারিয়াম প্রিন্টার্স থেকে সোহেল রানাকে আটক করা হয়। এ সময় তার দোকান থেকে ৬টি অবৈধ ভোটের সিল (১৬ ঘর বিশিষ্ট ব্যালটের জন্য ব্যবহারযোগ্য বলে ধারণা করা হচ্ছে), একটি কম্পিউটার এবং মোবাইল ফোন জব্দ করা হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং ওই প্রিন্টার্সের মালিক।আটককৃত সোহেল রানা জিজ্ঞাসাবাদে জানান, তিনি অর্ডার পেয়ে এসব সিল তৈরি করছিলেন। তবে কে বা কারা এই অর্ডার দিয়েছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য প্রকাশ করেননি।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ দাবি করছেন, জামায়াতে ইসলামীর কর্মীরা নির্বাচনে জালিয়াতির প্রস্তুতি হিসেবে নিজেরাই এসব সিল তৈরি করার চেষ্টা করছিল। ব্যালট পেপার তারা নিশ্চিত পাবে জেনেই আগে থেকে সীল বানিয়ে প্রস্তুতি নিচ্ছে। এভাবে কতো জায়াগায় গোপনে সীল বানিয়ে ভোট কারচুপির ব্যাবস্থা নিচ্ছে রাজনৈতিক দলগুলো, সেটা নির্বাচন কমিশন ও জনসাধরনের ধারনার বাইরে।
লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এক সংবাদ সম্মেলনে এ ঘটনাকে জামায়াতের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অংশ বলে মন্তব্য করেছেন।পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নির্বাচনী আইন লঙ্ঘনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং কে বা কারা এসব সিলের অর্ডার দিয়েছে তা উদঘাটনে চেষ্টা চলছে।
এ ধরনের ঘটনা নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যেও এমন অভিযোগ উঠায় স্থানীয় ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
