নিজস্ব প্রতিবেদক
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একইদিনের গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের চারশ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটার, সাংবাদিকসহ কেউই মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।
রবিবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিটি বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্ধারিত কিছু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না—এ মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
নিষেধাজ্ঞার বাইরে থাকছেন—ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার বা ভিডিপির মধ্যে ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুইজন সদস্য। কেবল তারাই মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
চিঠিতে আরও বলা হয়েছে, কমিশনের এ সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।
নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা অনুযায়ী, সারাদেশে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র স্থাপন করা হচ্ছে। এর মধ্যে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। মোট ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হওয়ায় গোপন বুথের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে ইসি।
সাংবাদিকদের প্রতিক্রিয়া
নতুন এই নির্দেশনার ফলে সাংবাদিকরাও ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। এতে ভোটকেন্দ্রের অনিয়ম, সহিংসতা বা ভোটগ্রহণ–সংক্রান্ত ঘটনাবলি তাৎক্ষণিকভাবে ধারণ ও প্রচার করা কঠিন হয়ে পড়বে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন সাংবাদিকরা।
এ নিয়ে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ক্ষোভ প্রকাশ করেছেন।
একাধিক সংবাদকর্মী বলেন, ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তের ফলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হবে। তাদের মতে, নির্বাচনে সম্ভাব্য অনিয়ম বা কারচুপির তথ্য যেন বাইরে না আসে—এ ধরনের আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে হচ্ছে।
সাংবাদিকদের অভিযোগ, স্বাধীন ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার পরিবর্তে এই সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার ওপর নজরদারিকে আরও সীমিত করবে।
