ভারতের সঙ্গে লড়াইয়ে ‘সবসময় প্রস্তুত’ পাকিস্তান: সালমান আঘা

ভারতের সঙ্গে লড়াইয়ে ‘সবসময় প্রস্তুত’ পাকিস্তান: সালমান আঘা
শেয়ার করুন

ভারতের বিপক্ষে মাঠে নামার সবুজ সংকেত পেতে খানিকটা বিলম্ব হলেও চিরপ্রতিদ্বন্দ্বীদের মোকাবিলায় পাকিস্তান ‘সবসময় প্রস্তুত’ ছিল বলে জানিয়েছেন দলটির অধিনায়ক সালমান আঘা। টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববারের হাইভোল্টেজ ম্যাচকে সামনে রেখে শনিবার তিনি এই আত্মবিশ্বাস ব্যক্ত করেন।

​বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এবং লাভজনক এই লড়াইকে ঘিরে কলম্বোর ৩৫ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন আর প্রেমাদাসা স্টেডিয়াম ইতোমধ্যেই হাউসফুল। এ ছাড়াও টেলিভিশন পর্দায় বিশ্বের কোটি কোটি দর্শক এই দ্বৈরথ উপভোগ করবেন বলে ধারণা করা হচ্ছে।

​আসরের গ্রুপ ‘এ’-র এই ব্লকবাস্টার ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত থেকে সোমবার রাতে সরে আসে ইসলামাবাদ সরকার।

সরকারের সবুজ সংকেত পাওয়ার পরই ম্যাচটি মাঠে গড়ানোর বিষয়টি নিশ্চিত হয়।
​শনিবার স্টেডিয়ামে অনুশীলনের আগে আঘা বলেন, ‘এটি অত্যন্ত বড় একটি ম্যাচ এবং এর আবহটাও বিশাল। সিদ্ধান্ত যাই আসুক না কেন, আমরা এই ম্যাচের জন্য সবসময় প্রস্তুত ছিলাম।’

​নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৩ উইকেটে হারিয়ে আসর শুরু করে পাকিস্তান। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩২ রানের জয় পায় তারা। অন্যদিকে ভারতও এখন পর্যন্ত তাদের দুটি ম্যাচেই জয় পেয়েছে।

​কন্ডিশন নিয়ে পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘আমরা ভালো মোমেন্টামে আছি। টুর্নামেন্টের শুরু থেকেই কলম্বোতে থাকায় এখানকার কন্ডিশন আমাদের সাহায্য করবে বলে আশা করছি। তবে ম্যাচ জিততে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’

​মাঠের লড়াইয়ে কি রাজনীতির ছায়া পড়বে?
​প্রবল প্রতীক্ষিত এই ম্যাচটিতে বাগড়া দিতে পারে আবহাওয়া; রোববার সন্ধ্যায় কলম্বোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

​উইকেটে স্পিনাররা আধিপত্য দেখাবে বলে বিশ্বাস আঘার। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে তারিক উসমানকে নিজের তুরুপের তাস (ট্রাম্প কার্ড) হিসেবে অভিহিত করেছেন তিনি। তারিকের বোলিং অ্যাকশন এবং ডেলিভারি স্ট্রাইডের বিরতি নিয়ে বিতর্ক থাকলেও সেসব উড়িয়ে দিয়েছেন অধিনায়ক।

​আঘা বলেন, ‘তারিক ভালো বল করছে এবং আমি নিশ্চিত তার মিস্ট্রি এলিমেন্ট আমাদের জন্য তুরুপের তাস হবে। তার অ্যাকশন দুইবার ক্লিয়ার হয়েছে, তাই এটি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই।’

​গত বছর দুবাইতে এশিয়া কাপের তিনটি ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সৌজন্য বিনিময়ের অভাব দেখা গিয়েছিল। তবে এবার তেমনটি হবে না বলে আশা প্রকাশ করেছেন আঘা। তিনি বলেন, ‘খেলাটি ক্রিকেটের প্রকৃত চেতনা মেনেই খেলা উচিত। এটাই দীর্ঘদিনের রীতি ছিল। তবে তারা (ভারত) কী চায়, তা কালই বোঝা যাবে।’

​সুপার এইট নিশ্চিতের সুযোগ
​আগামীকালকের জয়ী দল পরবর্তী ধাপ অর্থাৎ ‘সুপার এইট’ রাউন্ডে নিজেদের জায়গা নিশ্চিত করবে।
​ভারতের বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মাকে নিয়ে কিছুটা সংশয় রয়েছে; তিনি পেটের সমস্যায় ভুগছেন। প্রতিপক্ষ খেলোয়াড়ের সুস্থতা কামনা করে আঘা বলেন, ‘আমি আশা করি সে আগামীকাল খেলবে এবং দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমরা সেরাদের সঙ্গেই লড়তে চাই, তার জন্য শুভকামনা।’

Visited 5 times, 1 visit(s) today