আর্নল্ড-ভিনিসিউস বন্দনায় মেতেছেন আরবেলোয়া, শীর্ষে রিয়াল

আর্নল্ড-ভিনিসিউস বন্দনায় মেতেছেন আরবেলোয়া, শীর্ষে রিয়াল
শেয়ার করুন

মাঠের দাপুটে পারফরম্যান্সের চেয়েও কোচ আলভারো আরবেলোয়ার কণ্ঠে এখন বেশি ঝরছে তার শিষ্যদের প্রশংসা। আড়াই মাস পর ফিরে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের বুদ্ধিমত্তা আর ভিনিসিউস জুনিয়রের ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা—এই দুইয়ে ভর করেই লা লিগার শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে বার্সেলোনার চেয়ে দুই পয়েন্টে এগিয়ে গেল তারা।
গত ডিসেম্বরের পর প্রথমবার শুরুর একাদশে সুযোগ পাওয়া আলেকজান্ডার-আর্নল্ডের খেলায় মুগ্ধ আরবেলোয়া।

চোট কাটিয়ে ফেরা এই ডিফেন্ডারের অবদান নিয়ে কোচ বলেন, ‘ট্রেন্ট খুব বুদ্ধিমান ছেলে, যে ফুটবলটা খুব ভালো বোঝে। আমরা যা চাই, সে দ্রুতই তা ধরতে পেরেছে। তার মতো একজন খেলোয়াড় পাওয়া ভাগ্যের ব্যাপার, যে ভেতরে বা বাইরে সবখানেই খেলতে পারে। বিশেষ করে সেট-পিসে তার কিক আমাদের কাউন্টার অ্যাটাকে দারুণ সাহায্য করে।’

এমবাপের ইনজুরিতে সুযোগ পাওয়া তরুণ গঞ্জালো গার্সিয়াকে দিয়ে গোল করিয়ে ম্যাচের শুরুতেই ছাপ ফেলেন আর্নল্ড। যদিও পেনাল্টি থেকে সমতা ফিরিয়েছিল সোসিয়েদাদ। তবে ভিনিসিউস জুনিয়র দুই অর্ধে দুটি পেনাল্টি আদায় করে নিজেই লক্ষ্যভেদ করলে জয় নিশ্চিত হয় লস ব্লাঙ্কোসদের।

ভিনিসিউসকে নিয়ে আরবেলোয়ার মূল্যায়ন বেশ উচ্চকিত, ‘আমি আসার পর থেকেই সে খুব উঁচু মানের ফুটবল খেলছে। সে এমন একজন খেলোয়াড় যে পরিসংখ্যানের ঊর্ধ্বে। সে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। ভিনিসিউস বিশ্বের অন্যতম সেরা, তার মতো বড় হৃদয়ের ছেলেকে কোচিং করাতে পেরে আমি গর্বিত।’

দলের সম্মিলিত প্রচেষ্টায় খুশি গোলদাতা ফেদে ভালভার্দেও। রিয়াল মাদ্রিদ টিভিকে তিনি বলেন, ‘আমরা আক্রমণ ও রক্ষণ—উভয় বিভাগেই দারুণ কাজ করেছি। পুরো ম্যাচে আমরা একটি দল হিসেবে রক্ষণ সামলেছি। দীর্ঘ প্রস্তুতি শেষে এখন আমরা লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের জন্য লড়াই করব।’

মাদ্রিদের হয়ে জালের দেখা পেয়েছেন তরুণ স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া ও ফেদে ভালভার্দে। আগামী মঙ্গলবার লিসবনে জোসে মরিনহোর বেনফিকার সঙ্গে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবে আরবেলোয়ার দল।

এদিকে দিনের অন্য ম্যাচে গেতাফের কাছে ২-১ গোলে হেরে গেছে ভিয়ারিয়াল। এর ফলে চতুর্থ স্থানে থাকা ভিয়ারিয়ালের ওপর চাপ বাড়ছে রিয়াল বেতিসের। রবিবার তারা মায়োর্কাকে হারাতে পারলে ভিয়ারিয়ালের সঙ্গে ব্যবধান কমিয়ে চারে আসার সুযোগ পাবে।

Visited 8 times, 1 visit(s) today