❐ নিজস্ব প্রতিবেদক
২০২৪ সালের ৫ই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সারা দেশে মামলা দায়েরের প্রবণতা উল্লেযোগ্যভাবে বেড়েছিল। বিরোধী রাজনৈতিক কর্মী, সাংবাদিক, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদেরকে পরিবর্তিত পরিস্থিতি কাজে লাগিয়ে ‘সুযোগসন্ধানী’ বা সুবিধাবাদী গোষ্ঠী পুরোনো বিরোধ ও ব্যক্তিগত দ্বন্ধের জেরে নিরপরাধ ব্যক্তিদের আসামি করেছিল। মামলায় আসামি করে ওই গোষ্ঠী হাতিয়ে নিয়েছিল লাখ লাখ টাকা। পরে যাদের মামলায় মামলায় বাদী করেছিল বিভিন্ন স্থানে সেই বাদীরা মামলা প্রত্যহারের আবেদন করে সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন।
পাশাপাশি ওই সময়ে মব করে যারা হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করেছে তাদের বিরুদ্ধেও নিয়মিত মামলা নেওয়ার দাবি ওঠেছে। একই সঙ্গে ভুয়া মামলাগুলো দ্রুত নিষ্পত্তির দাবিও জানিয়েছেন তারা।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব নেওয়া নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বীকার করেছেন, ৫ই আগস্টের পর দায়েরকৃত মামলায় নিরপরাধ ব্যক্তিদের ড়ানোর ঘটনা ঘটেছে এবং সেগুলো যাচাই-বাছাই করা হবে বলে তিনি ঘোষণা দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ই আগস্ট থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত এক থেকে দেড় বছরে দেশজুড়ে প্রায় ২২ হাজার মামলা হয়েছে। এর মধ্যে রাজনৈতিক সহিংসতা ও ভাঙচুরের অভিযোগে অন্তত সাড়ে ৭ হাজার মামলা হয়েছে। হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে প্রায় দেড় হাজার মামলা হয়েছে। বিশেষ ক্ষমতা আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে হয়েছে প্রায় ১ হাজার ২০০টি মামলা। নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুই হাজারের বেশি মামলা হয়েছে। চুরি, দখল, মারামারি ও অন্যান্য অভিযোগে হয়েছে আরও অন্তত ১০ হাজার মামলা।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই দাঙ্গা থেকে ২০২৬ সালের ৩১শে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নামে কমপক্ষে ৩৪৯টি মামলা হয়েছে। এসব মামলায় ২৯ হাজার ৭৭২ জনের নাম উল্লেখ করে ৬৫ হাজারের বেশি ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এ ছাড়া ৪৯টি মামলায় ২২২ জন সাংবাদিককে আসামি করা হয়েছে। একই সময়ে হত্যা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন ৮৩৪ জন সাংবাদিক। সাইবার নিরাপত্তা আইনে হয়েছে ৪১টি মামলা।
সংস্থাটি বলেছে, রাজনৈতিক পরিবর্তনের পর নানা সংস্কার উদ্যোগ নেওয়া হলেও সহিংসতার প্রেক্ষাপটে চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দৃশ্যমান ছিল। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক মানবাধিকার অবস্থা নিয়ে উদ্বেগ রয়ে গেছে।
পুলিশের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের সময়ে দায়ের হওয়া মামলার ৩০ থেকে ৪০ শতাংশের অভিযোগপত্র (চার্জশিট) ইতোমধ্যে দাখিল করা হয়েছে। ২০ শতাংশের কিছু বেশি মামলা এখনও তদন্তাধীন। কিছু মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়ে অনেককেই অব্যাহতি দেওয়া হয়েছে।
তদন্তে ভিডিও ফুটেজ, সিসিটিভি ও মোবাইল ডেটা বিশ্লেষণসহ ডিজিটাল প্রমাণ ব্যবহারের কথা জানিয়ে পুলিশ বলছে, নিরপরাধ কেউ আসামি হলে তদন্তে তাকে বাদ দেওয়ার সুযোগ রয়েছে।
মানবাধিকার কর্মী ইজাজুল ইসলাম বলেন, দেশে আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে রাষ্ট্র ও সমাজের সব স্তরে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের সঙ্গে গঠনমূলক সংলাপের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করা জরুরি। কিন্তু ইউনূস সরকারের সময়ে দেশে মানবাধিকার চরমভাবে লঙ্গিত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ৫ই আগস্টের পর কিছু সুবিধাবাদী গোষ্ঠী নিরীহ ও সাধারণ মানুষকে মামলায় জড়িয়েছে। পুলিশ বিভাগকে এসব মামলা পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
