যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবের জেদ্দায় আটকা পড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। শনিবার জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক ফেসবুক বার্তায় তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
ওমরাহ হজ পালন শেষে দুবাই হয়ে দেশে ফেরার পথে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েন তিনি। মুশফিক জানান, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে ০৮০৬) জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হলেও আকাশপথে যুদ্ধের প্রভাব থাকায় মাঝপথ থেকে ফ্লাইটটি পুনরায় জেদ্দায় ফিরে আসতে বাধ্য হয়।
ফেসবুক পোস্টে মুশফিকুর রহিম লিখেছেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। কয়েকদিন আগে ওমরাহ হজ পালন করতে মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, ওমরাহ শেষ করে আজ দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। সকালে জেদ্দা থেকে রওনা হলেও যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে সব ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে।’
বর্তমানে হাজার হাজার যাত্রীর সঙ্গে বিমানবন্দরে অবস্থান করছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘একমাত্র মহান আল্লাহই জানেন অন্য বাংলাদেশি মানুষদের সঙ্গে আমরা কখন এবং কীভাবে ঢাকা পৌঁছাতে পারব। সবার দোয়া প্রার্থনা করছি।’
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানজুড়ে হামলা চালানোর পর পাল্টা জবাব দিয়েছে ইরানও। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চলায় ওই অঞ্চলের আকাশপথ বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছে। এর ফলে বিশ্বের অন্যতম ব্যস্ত এই রুটে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত বা বিঘ্নিত হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এখনো মুশফিকের ফেরার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
