যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার জবাবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, আসন্ন বিশ্বকাপ থেকে তাদের বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই। যুক্তরাষ্ট্রে ইরানি খেলোয়াড়দের ‘জীবন ও নিরাপত্তা’ ঝুঁকির মুখে পড়তে পারে—ট্রাম্পের এমন মন্তব্যের পরই এই কড়া প্রতিক্রিয়া দেখালো দেশটি।
বৃহস্পতিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে ইরান ফুটবল দল জানায়, কোনো দেশ যদি অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তবে তাদের বিশ্বকাপ আয়োজনের অধিকার থাকা উচিত নয়। মূলত যুক্তরাষ্ট্রের সহ-আয়োজক হওয়ার যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছে তারা।
মজার ব্যাপার হলো, এর মাত্র দুই দিন আগেই ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোকে ট্রাম্প জানিয়েছিলেন যে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চললেও ইরানি খেলোয়াড়দের স্বাগত জানানো হবে। কিন্তু বৃহস্পতিবার নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে সুর বদলে ট্রাম্প বলেন, ‘ইরান দলকে বিশ্বকাপে স্বাগত, তবে তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার স্বার্থে সেখানে যাওয়া ঠিক হবে বলে আমি মনে করি না।’
এর জবাবে ইরান ফুটবল দল বলে, ‘বিশ্বকাপ একটি ঐতিহাসিক আন্তর্জাতিক আসর এবং এর নিয়ন্ত্রক সংস্থা হলো ফিফা—কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দেশ নয়। ইরানের সাহসী সন্তানদের একের পর এক দুর্দান্ত জয়ে আমরাই সবার আগে এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইরানকে বাদ দেওয়ার সাধ্য কারও নেই। বরং সেই দেশকেই বাদ দেওয়া উচিত যারা আয়োজক হওয়ার নাম নিলেও খেলোয়াড়দের নিরাপত্তা দিতে ব্যর্থ।’
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের কারণে এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উল্লেখ্য, এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
তবে পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প পরে আরেকটি পোস্টে জানান, বিশ্বকাপ সবার জন্যই নিরাপদ হবে। তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বকাপ আয়োজনের জন্য মুখিয়ে আছে। টিকিটের চাহিদাও এখন তুঙ্গে!’
