সালামি দেওয়ার নাম করে ডেকে নিয়ে যুবককে হত্যা: নেতাকে বহিষ্কার করে দায় সারল বিএনপি

সালামি দেওয়ার নাম করে ডেকে নিয়ে যুবককে হত্যা: নেতাকে বহিষ্কার করে দায় সারল বিএনপি
শেয়ার করুন

❐ স্থানীয় সংবাদদাতা


সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদের সালামি দেওয়ার নাম করে সোহেল রানা (২৫) নামের এক যুবককে ডেকে নিয়ে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত দলের নেতাকে বহিষ্কার করে দায় সারল বিএনপি।

আজ ২৫শে মার্চ, বুধবার বিকেলে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং সড়াতৈল গ্রামের সোহেল রানা হত্যায় জড়িত সন্দেহে অভিযোগ উত্থাপিত হওয়ায় এবং নিহতের মায়ের দায়ের করা মামলায় আসামি করায় দলীয় সব পদ থেকে সাইফুল ইসলামকে বহিষ্কার করা হলো।

বহিষ্কারাদেশটি জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২১শে মার্চ ঈদের দিন সকালে বাড়ির অদূরে একটি ধানক্ষেত থেকে নিহত সোহেল রানার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সোহেল রানা উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের আজাদ মন্ডলের ছেলে। বহিষ্কৃত সাইফুল ইসলাম উপজেলার কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং একই গ্রামের আদম ব্যাপারীর ছেলে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

উল্লেখ্য, ঈদের আগের শুক্রবার সন্ধ্যায় সালামি দেওয়ার নাম করে সোহেল রানাকে বাড়ি থেকে ডেকে আনা হয়। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। ঈদের দিন সকালে এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

লাশের সুরতহাল মোতাবেক পুলিশের ভাষ্য, সোহেল রানাকে গলা কেটে এবং মাথা ও গালসহ কয়েকটি স্থানে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের মা রুবি আক্তার বাদী হয়ে বিএনপি নেতা সাইফুল ইসলামের নামোল্লেখপূর্বক এবং অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন বলে জানিয়েছে শাহজাদপুর থানা-পুলিশ।

Visited 13 times, 1 visit(s) today