সেন্ট মার্টিন্সের আকাশে মিয়ানমারের ড্রোন: আতঙ্কে দ্বীপবাসী, সীমান্তে টানটান উত্তেজনা

সেন্ট মার্টিন্সের আকাশে মিয়ানমারের ড্রোন: আতঙ্কে দ্বীপবাসী, সীমান্তে টানটান উত্তেজনা
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন্সের আকাশে রহস্যময় ড্রোনের আনাগোনা দেখা দিয়েছে।

গতকাল সন্ধ্যায় বাংলাদেশের আকাশসীমায় প্রায় এক ঘণ্টা ধরে দুটি ড্রোন উড়তে দেখা যায়। মিয়ানমার সীমান্ত থেকে আসা এই ড্রোনগুলো নিয়ে দ্বীপের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সেন্ট মার্টিন্স জেটি সংলগ্ন পূর্ব আকাশে হঠাৎ দুটি ড্রোন দেখা দেয়। লাল ও সবুজ রঙের আলো জ্বলা ড্রোনগুলো আকাশসীমা লঙ্ঘন করে প্রায় এক ঘণ্টা ধরে চক্কর দেয়।

স্থানীয়রা ধারণা করছেন, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের অংশ হিসেবে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এই ড্রোনগুলো ওড়ানো হয়েছে।

সেন্ট মার্টিন্স ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, “ড্রোনগুলো মিয়ানমারের দিক থেকেই এসেছে বলে আমাদের ধারণা। বর্তমানে সীমান্তে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির ওপর নজরদারি রাখতে এগুলো ব্যবহার করা হতে পারে। তবে আমাদের সার্বভৌমত্বের ভেতরে এভাবে ড্রোন ওড়া অত্যন্ত চিন্তার বিষয়। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা এখন সময়ের দাবি।”

নির্ঘুম রাত কাটছে দ্বীপবাসীর

দ্বীপের বাসিন্দা শরিফুল ইসলাম জানান, সন্ধ্যার পর আকাশে ড্রোন দেখে আতঙ্কিত মানুষ জড়ো হতে শুরু করে। বিষয়টি দ্রুত স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। সম্প্রতি মিয়ানমার সীমান্তে অস্থিরতা বাড়ার পর থেকেই সেন্ট মার্টিন্স ও টেকনাফ সীমান্তবর্তী মানুষের মধ্যে যুদ্ধাতঙ্ক বিরাজ করছে। তার ওপর আকাশসীমা লঙ্ঘনের এই ঘটনায় নতুন করে নিরাপত্তার প্রশ্ন দেখা দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতিবেশী দেশের জান্তা বাহিনী বা বিদ্রোহী গোষ্ঠী—যারাই এটি করুক না কেন, বাংলাদেশের আকাশসীমায় ড্রোন প্রবেশ বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি। স্থানীয় বাসিন্দারা দ্রুত এই ঘটনার তদন্ত এবং সীমান্তে বিজিবির নজরদারি ও টহল বাড়ানোর জোর দাবি জানিয়েছেন।

বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Visited 10 times, 1 visit(s) today