❐ নিজস্ব প্রতিবেদক
আসন্ন পয়লা বৈশাখ উপলক্ষে নববর্ষের সব আয়োজন সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও বেশ কিছু বিষয়ের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
আজ ৯ই এপ্রিল, বৃহস্পতিবার প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে শোভাযাত্রায় মুখোশ পরে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা নববর্ষ ১৪৩৩ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর (চাকমা, মারমা, ত্রিপুরা, গারোসহ) নববর্ষ উদযাপন যেন আনন্দমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন হয়, সে লক্ষ্যে দেশজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল ও রবীন্দ্র সরোবরসহ দেশের সব অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। বিকেল ৫টার পর এসব এলাকায় নতুন করে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বৈশাখী শোভাযাত্রার নিরাপত্তায় বিশেষ নজরদারি থাকবে এবং এতে অংশগ্রহণকারীরা মুখোশ পরে অংশ নিতে পারবেন না। তবে মুখোশ হাতে বহন করা যাবে, কিন্তু তা দিয়ে মুখ ঢেকে রাখা যাবে না।
শোভাযাত্রায় অংশ নিতে হলে শুরু থেকেই যোগ দিতে হবে; মাঝপথে প্রবেশের সুযোগ থাকবে না।
নিরাপত্তার স্বার্থে সারা দেশে ফানুস উড়ানো, আতশবাজি, গ্যাস বেলুন ও ভুভুজেলা বাজানো নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেল বা গাড়ির রেসিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টে ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা ও আর্চওয়ে স্থাপন করা হবে।
ইভ টিজিং, ছিনতাই ও পকেটমার প্রতিরোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে। বড় অনুষ্ঠানস্থলে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম প্রস্তুত থাকবে এবং রমনা লেকে দুর্ঘটনা এড়াতে ডুবুরি দল মোতায়েন থাকবে।
এ ছাড়া ১৪ই এপ্রিল টিএসসি মেট্রোরেল স্টেশন নিরাপত্তার কারণে বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। ১৩ই এপ্রিল সন্ধ্যা ৭টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্টিকার ছাড়া কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।
সাধারণ মানুষকে ব্যাগ, ব্যাকপ্যাক, দিয়াশলাই বা লাইটার বহন না করার অনুরোধ করা হয়েছে এবং শিশুদের সঙ্গে পরিচয়পত্র রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
