টেলিফোনে ডেকে সাক্ষাৎকার নিয়ে ডিসি নিয়োগ: ফিটলিস্টের নিয়ম ভাঙায় প্রশাসনে ক্ষোভ

টেলিফোনে ডেকে সাক্ষাৎকার নিয়ে ডিসি নিয়োগ: ফিটলিস্টের নিয়ম ভাঙায় প্রশাসনে ক্ষোভ
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের জন্য ফিটলিস্ট প্রণয়নে প্রচলিত নিয়ম উপেক্ষার অভিযোগ উঠেছে। আনুষ্ঠানিক চিঠি, ওয়েবসাইটে বিজ্ঞপ্তি কিংবা নোটিশ বোর্ডে কোনো ঘোষণা ছাড়াই টেলিফোনে ডেকে এনে দুই ব্যাচের কর্মকর্তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে প্রশাসনের মধ্যে। অনেকে প্রকাশ্যে প্রতিবাদও করছেন। এতে প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়ছে।

প্রচলিত বিধি অনুযায়ী, ডিসি নিয়োগের ফিটলিস্ট তৈরির জন্য প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ব্যাচভিত্তিক সাক্ষাৎকার নেওয়ার আগে নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করে আনুষ্ঠানিক চিঠি পাঠানো বাধ্যতামূলক। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি প্রকাশ এবং প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু এবারের উদ্যোগে এসব প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, বিসিএস প্রশাসন ক্যাডারের ২৮ ও ২৯তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে বাছাই করে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। তবে সংশ্লিষ্ট দুই ব্যাচের অনেক কর্মকর্তা বিষয়টি জানতেই পারেননি।

নিয়মানুযায়ী, সংশ্লিষ্ট ব্যাচের সব কর্মকর্তাকেই সাক্ষাৎকারে অংশগ্রহণের সুযোগ দেওয়ার কথা থাকলেও, পছন্দের ভিত্তিতে ডাকা হয়েছে এমন অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক কর্মকর্তা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৭ ও ৮ই এপ্রিল ২৮তম ব্যাচের ৪৮ জন কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হয়, যেখানে ওই ব্যাচে মোট কর্মকর্তা রয়েছেন ১৮৪ জন। এরপর ৯ই এপ্রিল ২৯তম ব্যাচের ৩০শে জন এবং ১২ই এপ্রিল আরও ২১ জনের সাক্ষাৎকার নেওয়া হয়, যদিও এ ব্যাচে কর্মকর্তা রয়েছেন ১৮৮ জন। ডাকা প্রায় ৯৯ কর্মকর্তার মধ্যে অন্তত ৯০ জন সাক্ষাৎকারে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

তবে সাক্ষাৎকারে অংশ নেওয়া কর্মকর্তাদের সুনির্দিষ্ট সংখ্যা জানতে চাইলে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক বলেন, সাক্ষাৎকার শেষ হয়েছে, তবে কীভাবে ডাকা হয়েছে সে বিষয়ে আমার জানা নেই।

সাক্ষাৎকারে অংশ নেওয়া ভোলা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী জানান, তিনি কোনো লিখিত চিঠি পাননি; টেলিফোনে জানানো হলে সে অনুযায়ী গিয়ে সাক্ষাৎকার দিয়েছেন।

প্রশাসন সংশ্লিষ্টরা বলছেন, ডিসি ফিটলিস্ট প্রণয়নে একটি উচ্চপর্যায়ের কমিটি দায়িত্ব পালন করে, যার নেতৃত্বে থাকেন মন্ত্রিপরিষদ সচিব। এ কমিটি প্রার্থীদের মেধা, প্রজ্ঞা, ব্যক্তিত্ব, দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা যাচাই করে তালিকা প্রস্তুত করে থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, ডিসি নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক হলেও ফিটলিস্ট প্রণয়নের ক্ষেত্রে স্বচ্ছতা থাকা জরুরি। তাদের মতে, আগে কখনও এভাবে গোপনীয়তার মধ্যে সাক্ষাৎকার নেওয়া হয়নি।

প্রশাসনের সাবেক এক শীর্ষ কর্মকর্তা বলেন, ডিসি একটি জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা। তাই নিয়োগ প্রক্রিয়ায় নিয়ম মেনে সর্বোচ্চ যাচাই-বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Visited 17 times, 1 visit(s) today