চুম্বকের কারসাজিতে বিএনপি নেতার কারখানায় প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস!

চুম্বকের কারসাজিতে বিএনপি নেতার কারখানায় প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস!
শেয়ার করুন

❐ স্থানীয় সংবাদদাতা


নারায়ণগঞ্জে বিএনপি নেতার মালিকানাধীন একটি ডাইং কারখানায় চুম্বক ব্যবহারের মাধ্যমে গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আজ ২৬শে এপ্রিল, রোববার সদর উপজেলার ফতুল্লা রেললাইন বটতলা এলাকায় প্যাটার্ন ফিনিশিং নামের ওই কারখানায় নারায়ণগঞ্জের তিতাসের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা গেছে, সংযোগটি আমজাদ হোসেন মোল্লা নামের এক বিএনপি নেতার নামে। আরএমএস থেকে গ্যাস চুরির সঙ্গে জড়িতরা দিনের বেলায় কাজ না করে রাতে সক্রিয় থাকে। এ কারণে আভিযানিক দল ফজরের নামাজের পর থেকেই অভিযান পরিচালনা শুরু করে।

অভিযানে গিয়ে দেখা যায়, আরএমএস কক্ষটি তালাবদ্ধ। তবে ফাঁক দিয়ে দেখা যায়, মিটারে তিনটি চুম্বক (ম্যাগনেট) লাগানো রয়েছে। চুম্বক লাগানোর ফলে পুরনো প্রযুক্তির মেকানিক্যাল মিটার ধীরগতিতে ঘোরে। এ ছাড়া এতে ইবিসি মিটারের পালসও বন্ধ রাখা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডেপুটি জেনারেল ম্যানেজার মঞ্জুর আজিজ মোহন গণমাধ্যমকে জানান, প্রতি ঘণ্টায় প্রায় ১২ হাজার ঘনফুট গ্যাস চুরি করা হচ্ছিল। ইতোমধ্যে মিটার খুলে নেওয়া হয়েছে এবং নীতিমালা অনুযায়ী বিল ও জরিমানা করা হবে।

অভিযানে উপস্থিত ছিলেন ফতুল্লা জোনের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আতিকুর রহমান, নারায়ণগঞ্জ অঞ্চলের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ এবং জরুরি ব্যবস্থাপক শাহ এমদাদ হোসেন।

Visited 15 times, 1 visit(s) today