সাতকানিয়ায় নিজের টং দোকানে হাতুড়ির আঘাতে ক্ষুদ্র ব্যবসায়ীকে হত্যা

সাতকানিয়ায় নিজের টং দোকানে হাতুড়ির আঘাতে ক্ষুদ্র ব্যবসায়ীকে হত্যা
শেয়ার করুন

❐ স্থানীয় সংবাদদাতা


অন্ধকার ভেদ করে আসা একদল মুখোশধারী ঘাতক কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ। চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ দোকানের সামনে বসে থাকা অবস্থায় শাহাদাত হোসেন (৩২) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রোববার রাতে উপজেলার ঢেমশা ইউনিয়নের মডেল মসজিদ এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ২৬শে এপ্রিল, রোববার রাত ১১টার দিকে সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ সংলগ্ন নিজের টং দোকানে বসেছিলেন শাহাদাত। হঠাৎ দুটি সিএনজিচালিত অটোরিকশা ও কয়েকটি মোটরসাইকেলে চড়ে ১০-১৫ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয়।

কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা শাহাদাতকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। পেছন থেকে হাতুড়ি ও লাঠি দিয়ে তার মাথায় প্রচণ্ড আঘাত করা হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা এগিয়ে আসার চেষ্টা করলে ঘাতকরা দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করে।

আহত শাহাদাতকে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) খালি না থাকায় তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘ কয়েক ঘণ্টা মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে আজ ২৭শে এপ্রিল, সোমবার ভোর ৫টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নিহত শাহাদাত ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মৃত মোহাম্মদ শফির ছেলে। পেশায় সাধারণ একজন চা-দোকানি শাহাদাতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার ছোট তিনটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। বাবার এমন আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ ও দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

নিহতের বড় ভাই মোবারক হোসেন কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার ভাইটা নিরীহ মানুষ ছিল। দোকানে চেয়ারে বসা অবস্থায় সন্ত্রাসীরা এসে হাতুড়ি দিয়ে তার মাথা থেঁতলে দিল। আমরা এই অন্যায়ের বিচার চাই।”

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানিয়েছেন, ঘটনার পরপরই পুলিশ তদন্তে নেমেছে। অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মহাসড়ক সংলগ্ন জনবহুল এলাকায় এমন দুঃসাহসিক হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Visited 9 times, 1 visit(s) today