বিশ্লেষণ || ধ্বংসের দ্বারপ্রান্তে দেশ, কিন্তু কিনতে হবে বোয়িং

বিশ্লেষণ || ধ্বংসের দ্বারপ্রান্তে দেশ, কিন্তু কিনতে হবে বোয়িং
শেয়ার করুন

আমিনুল হক পলাশ
সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক


বাংলাদেশ আজ এক গভীর সংকটকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সাধারণ জনগনের জীবনে নেমে এসেছে সীমাহীন দূর্ভোগ। জ্বালানী সংকট, তীব্র লোডশেডিং, হাসপাতালে জরুরি চিকিৎসা সামগ্রীর ঘাটতি, হামে আক্রান্ত হয়ে প্রতিদিন শিশুদের মৃত্যু, সেচ ও সারের অভাবে কৃষকের আর্তনাদ, বাজারে জিনিসপত্রের দামের আগুন, আইন শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা- সব মিলিয়ে দেশ এক বিভীষিকাময় সময় পার করছে।

যে আশঙ্কার কথা আমরা ২৪-এর আগস্ট পরবর্তী সময় থেকে বলে আসছিলাম তা বাস্তবে পরিণত হচ্ছে। দেশ পৌছে গিয়েছে ধ্বংসের দ্বারপ্রান্তে।

এর মাঝে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার এ সকল সংকট নিরসনে মনোনিবেশ না করে ১৪টি বোয়িং বিমান কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছে এই এপ্রিল মাসের মাঝেই। জ্বালানীর অভাবে যখন রাস্তায় গণপরিবহন ঠিকমতো চলছে না, বাসা বাড়িতে আলো জ্বলছে তখন কেন এই উচ্চাভিলাসী ক্রয়?

চলুন দেশের চলমান সংকট সমূহের দিকে একটু নজর বুলানো যাক। জ্বালানী তেলের সংকটে দেশের অর্ধেকের বেশি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে আছে। লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে। সরকার আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং এর কথা স্বীকার করলেও প্রকৃত লোডশেডিং ছাড়িয়ে গিয়েছে চার হাজার মেগাওয়াট। অচিরেই এটি দ্বিগুণ হবে।

এর প্রভাব পড়বে কলকারখানা, অফিস আদালত, হাসপাতাল সহ সর্বক্ষেত্রে। ইন্টারনেট নির্ভর সকল কার্যক্রম স্থবির হয়ে পড়বে। রংপুর  মেডিকেল কলেজ হাসাপাতালে ডাক্তারদের মোবাইলের আলো দিয়ে অপারেশন করতে দেখা গিয়েছে। কিছুদিন পর এই মোবাইল চার্জ দেয়ার মতো বিদ্যুৎও থাকবে না। জ্বালানী তেলের দাম বাড়ানো হয়েছে রেকর্ড পরিমাণে, একবারে প্রায় ১৫%।

তবুও তেলের পাম্প গুলোতে দীর্ঘ হচ্ছে যানবাহনের সাড়ি। তেলের দাম বাড়ানোর ফলে বেড়েছে গণপরিবহনের ভাড়া। বাড়বে সকল জিনিসের দাম।

সবচেয়ে বড় বিপদে আছে দেশের কৃষিখাত। জ্বালানী সংকট এবং লোডশেডিং এর কারণে সেচ কাজ চরমভাবে বিঘ্নিত হয়েছে। সারাদেশে বন্ধ হয়ে পড়ে আছে পানির পাম্পগুলো। তেল আনতে লাইনে দাঁড়িয়ে মারা গিয়েছে কৃষক। ফেটে চৌচির হয়ে যাচ্ছে কৃষিজমি। গ্যাসের সংকটে দেশের মেজর সারকারখানা সমূহ বন্ধ হয়েছে।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার কারণে সার আমদানি করাও সম্ভব না। অতএব কৃষি উৎপাদন কমবে রেকর্ড পরিমাণে। ইতোমধ্যেই বাংলাদেশ তীব্র খাদ্য নিরাপত্তা ঝুকিতে থাকা বিশ্বের শীর্ষ দশ দেশের মাঝে ঠাই নিয়েছে। এবারের মৌসুমে ফলন না হলে দুর্ভিক্ষ অবশ্যম্ভাবী।

স্বাস্থ্য খাতের অবস্থাও নাজুক। হামে আক্রান্ত হয়ে প্রতিদিন মারা যাচ্ছে শিশু। অসহায় অভিভাবকদের আর্তনাদের বিপরীতে সরকারের দৃশ্যমান কোন কার্যক্রম নেই। সরকার কখনো আওয়ামী লীগ কখনো ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপাতে ব্যস্ত।

কিন্তু হামেই কি শেষ হবে? না, হাম আসলে শেষের শুরু।

ইউনূস আমলে ইপিআই এর অধীনে দেয়া ছয়টি রোগের টিকা কার্যক্রমই বন্ধ ছিলো। এর ফলে হামের পাশাপাশি এই রোগগুলোও ফিরে আসতে শুরু করেছে। শুধুমাত্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই গত তিন মাসে মারা গিয়েছে ৮৭১ জন শিশু।

এদিকে দেশের সরকারি স্বাস্থ্য কেন্দ্রসমূহে নেই জরুরী চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী। নেই সাপে কাটা কিংবা কুকুর বিড়ালে কামড়ানোর ভ্যাকসিন। নেই জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ। দেশে বিভিন্ন এলাকায় এইডস আক্রান্ত রোগির সংখ্যা বাড়ছে। বন্ধ হয়ে আছে মশা নিধন কর্মসূচী। ফলে বর্ষাকালে ডেঙ্গু মহামারী রূপ নিবে। এদিকে স্বাস্থ্য মন্ত্রী বলেছে হাসপাতালে গজ ব্যান্ডেজ কেনার টাকাও নেই।

জ্বালানী সংকটে বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার কলকারখানা। বেকার হচ্ছে লাখো মানুষ। আইএমএফ এর শর্ত মানতে গিয়ে ২০২৫ সালে ইউনূস সরকার কর্তৃক শিল্পখাতে গ্যাসের দাম ৩৩% শতাংশ বাড়ানোর ফলে উৎপাদন খাতে ধ্বস নেমেছে।

বিকেএমইএ এর তথ্যমতে তৈরি পোশাক খাতে উৎপাদন কমেছে ২৫-৩০%। এছাড়াও স্টিল খাতে কমেছে ৩০%, সিরামিক খাতে ৫০ শতাংশ এবং টেক্সটাইল খাতে কমেছে ৪০%। অবস্থার দ্রুত উন্নতি না হলে দেশের অন্তত ১০ কোটি মানুষ ঝুকিপূর্ণ দারিদ্র্যসীমায় প্রবেশ করতে যাচ্ছে।

ধ্বংস হয়ে গিয়েছে দেশের আর্থিক খাত। ইউনূসের অন্তর্বর্তী সরকার দেড় বছরে ঋণ করেছে ৩ লাখ ২৮ হাজার কোটি টাকা। সরকারি ব্যয় মেটাতে নতুন করে ছাপিয়েছে ৮২ হাজার কোটি টাকা। একই ধারাবাহিকতা বজায় রেখেছে তারেক রহমানের সরকারও। সরকারের মাত্র দুই মাস মেয়াদেই ব্যাংক থেকে ঋণ নিয়েছে ৭৩ হাজার কোটি টাকা।

কেবলমাত্র মার্চেই নতুন করে ছাপিয়েছে ২০ হাজার কোটি টাকা। অর্থনৈতিক অব্যবস্থাপনায় কারণে আইএমএফ ঋণের কিস্তি ছাড় করেনি।

অনেকে হয়তো ভাবতে পারেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে দেশে জ্বালানী সংকট হয়েছে। এই ধারণা ভুল। বরং সরকার এই সংকটকে অজুহাত হিসেবে দেখানোর সুযোগ পেয়েছে। আসল কথা হচ্ছে সরকারের কাছে আর্থিক সংস্থান নেই। প্রয়োজনীয় এলসি খোলার মতো সামর্থ্য নেই। আর এ কারণেই জ্বালানী ঘাটতি মেটাতে জরুরি ভিত্তিতে সরকার দুই লাখ কোটি টাকা ঋণ চেয়েছে উন্নয়ন সহযোগীদের কাছে।

কিন্তু দুঃসংবাদ হচ্ছে আইএমএফের ঋণের কিস্তি ছাড় না হলে উন্নয়ন সহযোগীরাও সাধারণত মুখ ফিরিয়ে নেয়।

চারিদিকে শুধু নেই আর নেই। যেদিকে তাকাবেন সেখানেই সংকট। অথচ এর মাঝেও সরকার ১৪টি বোয়িং বিমান ক্রয় চুক্তি সম্পন্ন করতে যাচ্ছে এই এপ্রিল মাসেই। এতে খরচ হবে ২.৮ বিলিয়ন ডলার বা ৩৫ হাজার কোটি টাকা। যা পদ্মা সেতুর খরচের চেয়েও বেশি!

দেশের মানুষ যখন না খেয়ে মরার দিকে যাচ্ছে, প্রতিদিন নিষ্পাপ শিশুরা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, কৃষকরা সেচ ও সারের অভাবে হাহাকার করছে তখন সরকার বাহাদুর উড়োজাহাজ কেনায় মনযোগ দিয়েছে। এটাই প্রমাণ করে সরকারের চরিত্র। সরকার জনগণের কথা চিন্তা করছে না, বরং বিদেশী প্রভুদের খুশি রেখে যেকোন মূল্যে ক্ষমতা টিকিয়ে রাখাই সরকারের একমাত্র চাওয়া।

এই মুচলেকা দিয়েই তারা ক্ষমতায় বসেছে।

২০২৫ সালের জুলাই মাসে ইউনূসের অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করার লক্ষ্যে একটি এনডিএ স্বাক্ষর করে। তখনই ২৫টি বোয়িং বিমান কেনার কথা সামনে আসে। তখনকার বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন দাবি করেছিলেন আলোচনা কালীন সময়ে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষকে বোয়িং বিমান বিক্রয়ের ব্যাপারে খুব একটা সিরিয়াস মনে হয়নি।

অথচ তার একমাস পরেই আগস্ট মাসে বিমান বাংলাদেশে বোর্ড পুনর্গঠন করে শেখ বশির উদ্দিন নিজেই চেয়ারম্যান পদে বসেন এবং বোয়িং বিমান কেনার কার্যক্রম শুরু করেন। অর্থাৎ এই ক্রয় নিয়ে শুরু থেকেই মিথ্যাচার করেছে ইউনূস সরকার।

৯ই ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ নির্বাচনের মাত্র দুইদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে সরকার। এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান, আগামী ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের এলএনজি, প্রতিবছর ৩.৫ বিলিয়ন ডলারের কৃষিপণ্য ক্রয়ের শর্তারোপ করা হয়। পাশাপাশি এমন সব শর্ত যুক্ত করা হয়েছে যাতে করে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পণ্যসমূহ অবাধে প্রবেশ করতে পারে।

অর্থাৎ বাংলাদেশের ব্যবসায়িক স্বার্থ ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হয়েছে এই চুক্তির মাধ্যমে।

ইউনূস সরকারের আমলেই মার্কিন যুক্তরাষ্ট্রের এক্সেলারেট এনার্জির সাথে বাজার মূল্যের চেয়ে দেড়গুণ বেশি দামে এলএনজি ক্রয়ের চুক্তি করা হয়। আমদানি করা হয় উচ্চমূল্যের গম, দেয়া হয় দুটি জাহাজ কেনার ক্রয়াদেশ। একই ধারাবাহিকতা চলমান রয়েছে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময়েও। বোয়িং বিমান কেনার পাশাপাশি ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাম অলিন কেনার ঘোষণা দিয়েছে সরকার।

অথচ যুক্তরাষ্ট্রে কোন পাম উৎপাদন হয়না, উৎপাদন হয় মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায়। অর্থাৎ আমরা অন্য দেশের পণ্য যুক্তরাষ্ট্র থেকে কিনতে বাধ্য হচ্ছি। এমনকি রাশিয়া থেকে তেল কেনার জন্যও আমাদের অনুমতি চাইতে হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে।

অর্থাৎ ইউনূস যে বাণিজ্য চুক্তি করে আমাদের সর্বনাশ করে দিয়ে গিয়েছে সেটি শতভাগ মেনে চলতে হবে তারেক রহমানের। কারণ তারা এই চুক্তিকে বাস্তবায়ন করার মুচলেকা দিয়েই ক্ষমতায় এসেছে।

খোদ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন এই চুক্তির বিষয়ে বিএনপি ও জামাত উভয়ের সম্মতি ছিলো। অর্থাৎ বিএনপি সরকার ও সাজানো বিরোধী দল জামায়াত সবাই এই দেশবিরোধী চক্রান্তের অংশীদার। ক্ষমতার যাওয়ার লোভে তারা দেশের স্বার্থকে বিকিয়ে দিয়েছে। আর একারণে দেশের মানুষের জীবন যখন হাজারো সংকটে দুর্বিষহ হয়ে উঠেছে, তখন সরকার করছে বোয়িং বিলাস।

Visited 59 times, 1 visit(s) today