বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা, ৯ মে ২০২৫ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে গত পাঁচ থেকে সাত দিন ধরে ডায়রিয়া ও কলেরার মহামারী আকারে প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ পর্যন্ত হলের প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ ছাত্রী আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তবে এই উদ্বেগজনক পরিস্থিতি সম্পর্কে বাইরে কোনো তথ্য আসতে না দেওয়ার জন্য হল প্রশাসন তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
দূষিত পানিই সংক্রমণের উৎস
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী ছাত্রীদের বরাতে জানা গেছে, হলের পানি সরবরাহের মাধ্যমেই এই রোগ ছড়িয়েছে। হলে স্থাপিত বৈদ্যুতিক ফিল্টারগুলোতে আদৌ বিদ্যুৎ সংযোগ নেই — এগুলো কেবল দেখানোর জন্য বসানো। পানির নমুনা পরীক্ষা করা হলেও সেই রিপোর্ট প্রকাশ না করতে প্রভোস্ট চাপ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ছাত্রীরা বিষয়টি প্রভোস্ট ও হল সংসদকে জানালে তারা কিছু আনুষ্ঠানিক পদক্ষেপ নেন, কিন্তু তাতে পরিস্থিতির কোনো বাস্তব পরিবর্তন আসেনি। প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও অসুস্থতা অব্যাহত রয়েছে।
পরিস্থিতির সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, আক্রান্ত ছাত্রীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বা বিভিন্ন গ্রুপে বিষয়টি তুলে ধরতে গেলে তাদের জোরপূর্বক চুপ করিয়ে দেওয়া হচ্ছে। পোস্ট মুছে ফেলতে বাধ্য করা হচ্ছে। হল সংসদ ও ছাত্রী সংস্থার সদস্যরা এই দমন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখছেন বলে ভুক্তভোগীরা সরাসরি অভিযোগ করেছেন।
এক ভুক্তভোগী ছাত্রী জানান, যারা সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন, প্রভোস্ট তাদের কাছে হাউস টিউটর পাঠিয়ে পরিচয় ও বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের পোস্ট না করতে সরাসরি হুমকি দিয়েছেন। উক্ত ছাত্রী নিজেও এই হুমকি এবং অসুস্থতার কারণে হল ছাড়তে বাধ্য হয়েছেন এবং বর্তমানে হলের বাইরে অবস্থান করছেন।
একটি আবাসিক হলে এত বড় স্বাস্থ্য সংকট দেখা দেওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন নীরব — এই প্রশ্ন এখন সামনে আসছে। দূষিত পানি সরবরাহ নিশ্চিত করে ফিল্টার স্থাপনের ভান করা, রিপোর্ট গোপন রাখা এবং ছাত্রীদের কণ্ঠরোধ করার অপচেষ্টা মিলিয়ে মনে হচ্ছে ছাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তার চেয়ে প্রশাসনের ভাবমূর্তি রক্ষাই এখানে অগ্রাধিকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং আক্রান্ত ছাত্রীদের যথাযথ চিকিৎসা সুবিধা প্রদানের দাবি জানাচ্ছেন সচেতন মহল।

