বিডি ডাইজেস্ট প্রতিবেদক
দেশজুড়ে হামে তিন শতাধিক শিশুর মৃত্যুর জন্য ড. মুহাম্মদ ইউনূসের সরকার ও নূরজাহান বেগমকে দায়ী করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। শনিবার (৯ মে) রাজধানীর পুরান পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ থেকে দলটি জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে।
সমাবেশে দলটির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ইউনূস সরকারের গাফিলতিতে এই ঘটনা ঘটছে বলে বিশেষজ্ঞরা তথ্য-প্রমাণসহ বলেছেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ অনেক দিন ধরে বিশ্বের মধ্যে নানা বিষয়ে শিশুদের টিকাদান কর্মসূচিতে দৃষ্টান্ত স্থাপন করেছে। আজ ইউনূস সরকারের অবহেলায় এই শিশু মৃত্যুর ঘটনা ঘটল। অথচ সরকার রহস্যজনক কারণে দোষীদের বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।’ তিনি ইউনূস সরকার, নূরজাহান বেগমসহ জড়িত সংশ্লিষ্টদের বিচার দাবি করেন।
প্রিন্স বলেন, ‘জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দল মিলিয়ে অনেক অপ্রয়োজনীয় হাস্যরসের কথা বলে সময় নষ্ট করলেও এ ধরনের জনগুরুত্বপূর্ণ বিষয়ে পর্যাপ্ত আলোচনা হলো না। হামে আক্রান্ত হওয়ার পর পর্যাপ্ত আইসিইউ সাপোর্ট না দেওয়ার কারণে অনেক শিশুর মৃত্যু ঘটেছে। ঘটনার পরপর সরকার আইসিইউ সাপোর্ট দেওয়ার জন্য পরিকল্পিত উদ্যোগ নিলে অনেক শিশুর মৃত্যু এড়ানো যেত।’
তিনি আরো বলেন, ‘দেশে বেকারত্ব ও দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে।
চিকিৎসা নিতে জায়গাজমি বেচার কারণে প্রতিবছর লাখ লাখ মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে।’
সাধারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তায় পর্যাপ্ত সরকারি হাসপাতাল গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘স্বাস্থ্যব্যবস্থা বেসরকারীকরণের নামে অপ্রয়োজনীয় ডায়াগনস্টিক সেন্টার ও মানহীন হাসপাতাল গড়ে উঠেছে। এগুলো দেখার কেউ নেই।’ তিনি চিকিৎসার নামে ব্যবসা কঠোরভাবে নিষিদ্ধের দাবি জানান।
