বিডি ডাইজেস্ট প্রতিবেদক
ইউরোপের দেশ পর্তুগালের রাজধানী লিসবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার সাবেক আহ্বায়ক ও বর্তমান রাজনৈতিক নেতা আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। পর্তুগাল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা তার ওপর ডিম নিক্ষেপ করে এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তা রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, সিলেট জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার সাবেক আহ্বায়ক আখতার হোসেন সম্প্রতি পর্তুগালের লিসবনে যান। সেখানে পর্তুগাল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নোমান হোসাইনের নেতৃত্বে একদল নেতা-কর্মী তার ওপর চড়াও হন এবং ডিম নিক্ষেপ করেন।
ঘটনার পর ছাত্রলীগের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হামলার দায় স্বীকার করে বিভিন্ন পোস্ট দেন। পোস্টে তারা উল্লেখ করেন, “যেখানেই যাবি, এইখানেই ছাত্রলীগ আছে। দুনিয়ার কোথাও শান্তি পাবিনা তোরা।” এছাড়া প্রবাসী ছাত্রলীগের এই কর্মকাণ্ডকে সংগঠনটির একাংশ থেকে স্বাগত জানানো হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের বাইরেও রাজনৈতিক দলগুলোর এমন মুখোমুখি অবস্থান ও সংঘাতের সংস্কৃতি প্রবাসে বাংলাদেশের বাকরুদ্ধ গণতন্ত্রের বহিপ্রকাশ। তবে এই ঘটনার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। লিসবনের স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে কোনো ব্যবস্থা নিয়েছে কি না, তাও এখনও নিশ্চিত হওয়া যায়নি।
