নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফের ফাইনালে বাংলাদেশ

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফের ফাইনালে বাংলাদেশ
শেয়ার করুন

চলতি সাফ নারী চ্যাম্পিয়নশিপে আজ গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। খেলা খুব একটা ভালো না হলেও, পিছিয়ে থেকে ম্যাচ জিতে টানা তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ম্যাচের ২৩ মিনিটে দীপা শাহীর গোলে এগিয়ে যায় নেপাল। তবে ৪৫ মিনিটে কর্নার কিক থেকে সরাসরি চমৎকার এক ‘অলিম্পিক গোলে’ বাংলাদেশকে সমতায় ফেরান ঋতু পর্না। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে (স্টপেজ টাইম) জয়সূচক গোলটি করেন মোসাম্মত সাগরিকা।

খেলা যখন অতিরিক্ত সময়ে গড়াচ্ছিল, ঠিক তখন বদলি খেলোয়াড় শামসুন্নাহার জুনিয়রের পাস থেকে গোল করেন আরেক বদলি খেলোয়াড় সাগরিকা। ৭১ মিনিটে আনিকা রানিয়ার জায়গায় মাঠে নেমেছিলেন তিনি। ডান দিক থেকে বক্সে ঢুকে শামসুন্নাহার যে পাসটি বাড়িয়েছিলেন, তা থেকেই গোল করতে কোনো ভুল করেননি সাগরিকা।

আগামী ৬ জুনের ফাইনালে বাংলাদেশ খেলবে ভারত ও ভুটানের মধ্যকার আজকের দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের সঙ্গে।

Visited 12 times, 1 visit(s) today