ইতালির জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পেলেন রবের্তো মানচিনি। মঙ্গলবার ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জোভান্নি মালাগোর এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন। পাশাপাশি দলের কারিগরি পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ক্লদিও রানিয়েরিকে।
বসনিয়া ও হার্জেগোভিনার সঙ্গে হেরে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বাদ পড়ার পর গত এপ্রিলে ইতালির কোচের পদ ছাড়েন জেন্নারো গাত্তুসো। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি এই নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা পেতে ব্যর্থ হয়। মানচিনি এখন সেই গাত্তুসোর জায়গাতেই দায়িত্ব নিচ্ছেন।
ফেডারেল কাউন্সিলের বৈঠক শেষে মালাগোর বলেন, ‘মানচিনিই এখন আমাদের কোচ। আমার মনে হয়েছে, জাতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য রবের্তো মানচিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।’
৬১ বছর বয়সী মানচিনির অধীনেই ২০২১ সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। প্রথম দফায় তিনি ৫৮টি ম্যাচে ইতালি দলের কোচের দায়িত্বে ছিলেন। ক্লাব ফুটবলে তিনি ইন্টার মিলান, ফিওরেন্তিনা ও ম্যানচেস্টার সিটির মতো বড় দলের দায়িত্ব সামলেছেন। ২০১১-১২ মৌসুমে ম্যানচেস্টার সিটিকে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগ জেতানোর পেছনেও বড় ভূমিকা ছিল তার।
ইতালির প্রথম পছন্দ ছিলেন পেপ গুয়ার্দিওলা, তবে তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন। অন্যদিকে আন্দ্রেয়া পিরলোকে কোচ করার কথা থাকলেও একটি রাশিয়ান বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার কারণে তার নিয়োগ আটকে যায়। এই নিয়ে দ্বিমত হওয়ায় পদত্যাগ করেন তৎকালীন কারিগরি পরিচালক পাওলো মালদিনি ও উপদেষ্টা লিওনার্দো।
মালদিনির ফেলে যাওয়া সেই কারিগরি পরিচালকের পদটিই এখন সামলাবেন ৭৪ বছর বয়সী ক্লদিও রানিয়েরি। ২০১৬ সালে লেস্টার সিটিকে রূপকথার মতো প্রিমিয়ার লিগ জিতিয়ে চমক দিয়েছিলেন তিনি। এখন থেকে ইতালির জাতীয় ফুটবল কাঠামোর সার্বিক টেকনিক্যাল কাজ ও উন্নয়ন তদারকি করবেন এই অভিজ্ঞ কোচ।
সভাপতি মালাগোর বলেন, ‘আমার এমন একজন মানুষের প্রয়োজন ছিল, যার সঙ্গে কোচ নির্বাচনের সিদ্ধান্তটি ভাগ করে নেওয়া যায়। ফলে আজ আমরা ইতালির জন্য নতুন একজন কোচ এবং একজন নতুন কারিগরি পরিচালক পেলাম।’
