মহেশখালী প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকে নিজ বাড়িতে দুর্বৃত্তদের অতর্কিত ছুরিকাঘাতে শিল্পী শীল (৫০) নামে এক গৃহকর্ত্রী নির্মমভাবে খুন হয়েছেন। গতকাল ৭ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হোয়ানকের কালাগাজীর পাড়ায় এই বর্বরোচিত ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
যেভাবে হত্যাকাণ্ডটি ঘটে
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের স্বামী রবি সওদাগর প্রতিদিনের মতো বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। তাঁদের সন্তানরা পড়াশোনার সূত্রে চট্টগ্রাম ও ঢাকায় অবস্থান করায় বাড়িতে শিল্পী শীল একাই ছিলেন। এই সুযোগে সন্ধ্যায় একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে তাঁকে উপরি-উপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। নিহতের ভাইপো নিকাশ শর্মা জানান, খবর পেয়ে দ্রুত বাড়িতে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ছেলে ছাত্রলীগ করায় মাকে হত্যা
পরিবার ও স্থানীয়দের দাবি, রবি সওদাগরের পরিবার অত্যন্ত শান্ত ও সামাজিক হিসেবে পরিচিত; কারো সঙ্গে তাঁদের ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না। তবে নিহতের ছেলে শুভ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় রাজনৈতিক প্রতিপক্ষ এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রশাসনের পদক্ষেপ
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান জানান, খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার মূল রহস্য উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
