পুলিশ হত্যার বিচার চাওয়া যুবককে আগুনে পুড়িয়ে হত্যা

পুলিশ হত্যার বিচার চাওয়া যুবককে আগুনে পুড়িয়ে হত্যা
শেয়ার করুন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ফরহাদ হোসেন নামের এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবক বেকার মুক্তি কর্ম সংস্থান আন্দোলনের সদস্য সচিব ছিলেন। তিনি মুক্তাগাছা শহরের মধ্যহিস্যা এলাকার আব্দুস সাত্তারের ছেলে এবং পেশায় সবজি বিক্রেতা ছিলেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

পুলিশের বরাতে জানা যায়, গতকাল রাতে বাসা থেকে বের হওয়ার সময় পেছন থেকে ফরহাদের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চিৎকার শুনে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আজ দুপুর ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বাবা আব্দুস সাত্তার গণমাধ্যমকে জানান, রাতে বাসা থেকে বের হওয়ার সময় মুখোশ পরা দুজন লোক জাপটে ধরে ফরহাদের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, ফরহাদ মাদকের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচিসহ সামাজিক আন্দোলনে সক্রিয় ছিলেন। এসব বিষয় নিয়ে কয়েকজনের সঙ্গে তার বিরোধ ছিল। তারাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

গত ৮ সেপ্টেম্বর পুলিশ হত্যার বিচার চেয়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়েছিলেন ফরহাদ হোসেন। সে সময় তিনি বলেছিলেন, পুলিশ সাধারণ জনগণের নিরাপত্তা কীভাবে দেবে, তার নিজের জীবনের নিরাপত্তা নেই। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান জোরদারের কথাও তুলে ধরেন তিনি।

ওসি কামরুল ইসলাম জানান, কেন বা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা জানতে তদন্ত চলছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা করা হয়নি।

Visited 564 times, 1 visit(s) today