বিশেষ প্রতিবেদক
কুমিল্লায় এক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী কিশোর সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে সুরক্ষিত আবাসিক এলাকা থেকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
এক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, এই হত্যাকাণ্ড গোটা জাতিকে নিরাপত্তাহীনতার বার্তা দিয়েছে। তিনি এতে শোকগ্রস্ত, ক্ষুব্ধ ও হতবাক হয়েছেন এবং হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি সরকারের ব্যর্থতায় ধিক্কার জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি প্রকাশিত তথ্য অনুসারে ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজার ৭১৭ জন শিশু নিখোঁজ সংক্রান্ত জিডি করা হয়েছে, যা প্রতিদিন গড়ে প্রায় ৭৫ জন। এর মধ্যে প্রায় ১৩ শতাংশ শিশুর আর কোনো হদিস মেলেনি এবং যারা ফিরে এসেছে তাদের অনেকেই লাশ হয়ে ফিরেছে। গত আট মাসে ২৫৪ জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
শেখ হাসিনা আরও বলেন, পাবনা, সিলেট, পল্লবী, বনশ্রী, জামালপুর, পঞ্চগড়সহ বিভিন্ন স্থানে শিশু হত্যার ঘটনায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। তিনি মানিকগঞ্জ, খুলনা, গাজীপুর ও সুনামগঞ্জের সাম্প্রতিক মর্মান্তিক ঘটনাগুলোর কথাও উল্লেখ করেন।
বিবৃতিতে তিনি বলেন, ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমসহ যারা প্রতিদিন হত্যার শিকার হচ্ছেন, তাদের সঠিক তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আর যেন কোনো শিশু বা মানুষ হত্যার শিকার না হয়, সে জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা নিহত অপ্রতিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারকে শোক সইবার তৌফিক কামনা করেন। তিনি দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশবাসীর সঙ্গে থাকার কথা বলেন।
