সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে ছাত্রলীগের গভীর শোক ও শ্রদ্ধাজ্ঞাপন

সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে ছাত্রলীগের গভীর শোক ও শ্রদ্ধাজ্ঞাপন
শেয়ার করুন

গণমাধ্যমের স্বাধীনতা ও অপসাংবাদিকতার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের দৃঢ় অবস্থান


ডিজিটাল সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ, দেশের প্রথম সার্বক্ষণিক অনলাইন সংবাদমাধ্যম ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’- এর প্রধান সম্পাদক এবং প্রকাশক তৌফিক ইমরোজ খালিদীর মহাপ্রয়াণে বাংলাদেশ ছাত্রলীগ গভীর শোক, শ্রদ্ধা ও বেদনাবোধ প্রকাশ করছে।

তৌফিক ইমরোজ খালিদীর পুরো জীবনকাল ছিল সাংবাদিকতার মৌলিক আদর্শ, আপসহীন সততা এবং পেশাগত উৎকর্ষের এক উজ্জ্বল ও বর্ণাঢ্য উপাখ্যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পড়াশোনা শেষ করে দ্য ডেইলি স্টার থেকে শুরু করে বিশ্বখ্যাত বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম – সর্বত্র তিনি মেধা, প্রজ্ঞা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছিলেন। পরবর্তীতে দেশে ফিরে এসে প্রথাগত ধারার বাইরে গিয়ে আধুনিক ও গতিশীল ডিজিটাল সাংবাদিকতার ভিত্তি স্থাপন করে তিনি গণমাধ্যম জগতে এক বিপ্লব ঘটিয়েছিলেন।

২০১৭ সালের ডিসেম্বরে ‘ডিজিটাল বাংলাদেশ’ উন্নয়নে ‘বিশেষ স্বীকৃতি ও সম্মাননা’ হিসেবে জাতীয় আইসিটি পুরস্কার অর্জন করেন।

বর্তমান প্রেক্ষাপটে যখন সংবাদমাধ্যমের স্বাধীনতা নানা অদৃশ্য শক্তির কবলে বিপন্ন এবং একশ্রেণির হলুদ সাংবাদিকতার অন্ধ প্রলোভনে সত্যকে পদদলিত করছে, তখন তৌফিক ইমরোজ খালিদীর মতো একজন সত্যান্বেষী ও নৈতিকতার মূর্ত প্রতীক ব্যক্তিত্বের প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি।

আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত বা গোষ্ঠীস্বার্থ হাসিলের জন্য হলুদ সাংবাদিকতা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডার আশ্রয় নিয়ে সমাজকে বিভ্রান্ত করছে। অন্যদিকে, প্রকৃত সত্য প্রকাশ করতে গিয়ে সৎ ও নীতিবান সাংবাদিকরা প্রায়শই নানামুখী অনভিপ্রেত হস্তক্ষেপ ও চাপের মুখে পড়ছেন।

তৌফিক ইমরোজ খালিদী তাঁর দীর্ঘ কর্মজীবনে সততা ও সাহসিকতার যে মানদণ্ড স্থাপন করে গেছেন, তা আমাদের জাতীয় জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ ছাত্রলীগ দৃঢ়ভাবে বিশ্বাস করে, তৌফিক ইমরোজ খালিদীর সততা, নিষ্ঠা ও কর্মময় জীবন সকল অনৈতিক হস্তক্ষেপ ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে লড়াইয়ে আগামী প্রজন্মকে যুগ যুগ ধরে পথ দেখাবে।

বাংলাদেশ ছাত্রলীগ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।


❐ প্রেস বিজ্ঞপ্তি
Visited 7 times, 7 visit(s) today