❐ নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজায় অংশ নিতে এসে মব হামলার মুখে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আজ ১১ই অক্টোবর, রোববার বিকেলে রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশের ভ্যানে নিয়ে যাওয়া হয়।
রোববার বাদ আসর ধানমন্ডির তাকওয়া মসজিদে রোটনের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জানাজায় অংশ নিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার মুখে পড়েন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিকেল ৪টার পর থেকে এলাকায় হামলা ও আটকের ঘটনা ঘটতে থাকে। এতে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী আহত হন। পরে কয়েকজনকে আটক করে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।
তবে হামলার কারণ, আহত ব্যক্তিদের পরিচয় ও তাদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় পুলিশ বা সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।
মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ১০ই অক্টোবর, শনিবার কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর পর রোববার জানাজার আয়োজন করা হয়।
রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন। ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও মনোনীত হন।
