শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’-এর মধ্যেই তালা ভেঙে চুয়েটে নতুন উপাচার্য: ছাত্রদল নেতাদের পাহারায় বসেন নিজ চেয়ারে

শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’-এর মধ্যেই তালা ভেঙে চুয়েটে নতুন উপাচার্য: ছাত্রদল নেতাদের পাহারায় বসেন নিজ চেয়ারে
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


শিক্ষার্থীদের টানা ২০ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ আন্দোলন ও শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতির চরম অচলাবস্থার মধ্যেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।

শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে ছাত্রদলের একাধিক নেতাকে সাথে নিয়ে নিজের কার্যালয়ে ঢুকেন এবং দায়িত্ব পালন শুরু করেন তিনি।

আজ ১২ই অক্টোবর, সোমবার সকাল ৯টার দিকে একটি সাদা হাইয়েস মাইক্রোবাসযোগে চুয়েট ক্যাম্পাসে পৌঁছান নতুন উপাচার্য।

আন্দোলনের মুখে থাকা ক্যাম্পাসের প্রধান ফটকে নিরাপত্তাকর্মীদের কাছে নিজের পরিচয় শিক্ষক হিসেবে দিয়ে কৌশলে ভেতরে প্রবেশ করেন তিনি।

এরপর চুয়েট শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে উপাচার্য ভবনের মূল ফটকের তালা ভেঙে সরাসরি নিজের দফতরে গিয়ে নির্ধারিত চেয়ারে বসেন।

সকালে সরেজমিনে উপাচার্যের কার্যালয়ে গিয়ে দেখা যায়, নতুন উপাচার্য শেখ শরীফুল আলম তাঁর নির্ধারিত আসনে বসে আছেন। এ সময় তাঁর কক্ষে চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন উপস্থিত ছিলেন।

যৌথভাবে কার্যালয়ে প্রবেশের বিষয়টি স্বীকার করে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত জানান, তাঁরা উপাচার্যের সঙ্গেই দফতরে ঢুকেছেন।

উল্লেখ্য, গত ২১শে সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার।

তাঁর আগে উপাচার্য পদে থাকা অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণের প্রতিবাদে এবং তাঁকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকেই উত্তাল হয়ে ওঠে চুয়েট।

শিক্ষার্থীরা উপাচার্য ভবনে তালা দিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে। একই দাবির সাথে একাত্মতা জানিয়ে কর্মবিরতিতে যান চুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও।

তীব্র বিক্ষোভ ও সার্বিক অচলাবস্থার কারণে গত ২৪শে সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও শিক্ষা সচিবের কাছে যোগদানপত্র পাঠিয়ে দায়িত্ব গ্রহণ করলেও এতদিন শারীরিকভবে ক্যাম্পাসে আসতে পারেননি নতুন উপাচার্য।

টানা ২০ দিন ধরে বিশ্ববিদ্যালয়টিতে সব ধরনের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থবির রয়েছে। আন্দোলনের এ উত্তাল পরিস্থিতির মাঝেই তালা ভেঙে উপাচার্যের দফতরে প্রবেশের ঘটনায় ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

Visited 3 times, 1 visit(s) today