পর্তুগাল জাতীয় দলে ক্রিস্তিয়ানো রোনালদোর ভবিষ্যৎ ঘিরে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে। কোচ হোর্হে হেসুসের সঙ্গে দ্বন্দের পর পর্তুগিজ ফরোয়ার্ডের জাতীয় দলে ফেরার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে বলে ইঙ্গিত দিয়েছেন তার বোন এলমা অ্যাভেইরো।
বৃহস্পতিবার একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ৫১ বছর বয়সী এই নারী উদ্যোক্তা হতাশা প্রকাশ করে জানান, ‘হ্যাঁ’ অপেক্ষা ‘না’ হওয়ার সম্ভাবনাই এখন বেশি।
রোনালদো ও হেসুসের মধ্যে পুনরায় সমঝোতা হওয়ার বিষয়ে সন্দিহান অ্যাভেইরো বলেন, “যখন কেউ বিশ্বাসঘাতকতার শিকার হন, তখন আবার সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা খুব কঠিন হয়ে পড়ে।”
কোচের সঙ্গে দ্বন্দের বিষয়টি সম্প্রতি একটি দীর্ঘ সামাজিক যোগাযোগমাধ্যম বার্তার মাধ্যমে খোলাসা করেন ৪১ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। সেখানে কোচের বিরুদ্ধে কথা দিয়ে কথা না রাখার অভিযোগ আনেন তিনি, যা তাদের সম্পর্ক জোড়া লাগার বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রোনালদোর বোন বলেন, “পর্তুগালের মানুষ খুব দ্রুত অতীত ভুলে যায়। রোনালদোর সঙ্গে যা ঘটছে তা দেখে আমি বাকরুদ্ধ। সে অন্তত এমন আচরণের যোগ্য নয়।”
এদিকে পর্তুগিজ ফুটবল কর্তৃপক্ষের পক্ষ থেকে রোনালদোর জন্য জাতীয় দলের দরজা পুরোপুরি বন্ধ করা হয়নি। কোচ হোর্হে হেসুস এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে না চাইলেও, পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রুয়েনসা জাতীয় দল অধিনায়ককে দ্রুতই দলে ফেরত পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।
সামনে ডেনমার্ক ও ওয়েলসের বিরুদ্ধে পর্তুগালের আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। ৪১ বছর বয়সী রোনালদো কি আবার পর্তুগালের জার্সিতে মাঠে ফিরবেন, নাকি কোচের সঙ্গে এই বিরোধই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টেনে দেবে—এখন সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব।
