নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চুক্তি সইয়ের এক সপ্তাহ পর তা বাতিলের দাবিতে রাজপথে নেমেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। একই সঙ্গে মার্কিন বাণিজ্য চুক্তিও বাতিলের দাবি জানানো হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলও হয়।
সমাবেশে বক্তব্য দেন অর্থনীতিবিদ ও তেল-গ্যাস-খনিজসম্পদ-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, মার্কিন বাণিজ্য চুক্তি আসলে কোনো চুক্তি নয়, এটি ট্রাম্পের আদেশনামা। তাঁর বক্তব্যে ঔপনিবেশিক শাসনের প্রসঙ্গও আসে। তিনি বলেন, ব্রিটিশরা নিজেদের শাসন ও শোষণ টিকিয়ে রাখতে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করত। তাঁর অভিযোগ,
দেশের স্বার্থবিরোধী নানা তৎপরতা থেকে মানুষের নজর ঘোরাতে কৃত্রিম বিভাজন তৈরির চেষ্টা চলছে।
গত ৮ অক্টোবর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশ কার্যালয়ে পিপিপির আওতায় ১৫ বছরের জন্য এনসিটি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার চুক্তি সই হয়।
তারও আগে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এনসিটি বিদেশি কোম্পানির কাছে ইজারা দেয়ার জোর অগ্রগতি শুরু হয়। এই চুক্তি নিয়ে বৈঠক-সেমিনার-সিমোজিয়াম-এ MOU হয়েছে। তবে শেষ মুহুর্তে ডিপি ওয়ার্ল্ড পরিস্থিতি বিবেচনা করার জন্য কিছুদিন সময় চাইলে ড ইউনূসের আমলে চুক্তি স্বাক্ষর ব্যর্থ হয়।
২০২৪ এর আগে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলেও এই চুক্তি নিয়ে সরকার এগিয়ে ফের পিছিয়ে এসেছিল।
চুক্তি স্বাক্ষরের দিন প্রতিবাদে আগারগাঁওয়ে বিভিন্ন বাম-প্রগতিশীল দল ও সংগঠন বিক্ষোভ করে। সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দনের অভিযোগ, শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বিনা উসকানিতে লাঠিপেটা করেছে এবং তিনিসহ অনেক নেতাকর্মী আহত হয়েছেন। চট্টগ্রামে বন্দর রক্ষা কমিটি জনমত গ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত না করে চুক্তি হয়েছে বলে অভিযোগ করেছে। কমিটি চুক্তির পূর্ণাঙ্গ শর্ত প্রকাশের দাবিও জানায়।
এনসিটি ও মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে অধিকার কমিটির কর্মসূচি নতুন নয়। বছরের শুরুতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ও বন্দর শ্রমিকদের কর্মবিরতির সমর্থনে শাহবাগে সংহতি সমাবেশ করেছিল সংগঠনটি। আগস্টে মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল ও ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নসহ চার দফা দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা শুরু করে। সে সময় আনু মুহাম্মদ বলেছিলেন, নির্বাচনের মাত্র তিন দিন আগে মার্কিন বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার দেশকে বিপদে ফেলে গেছে। চুক্তিটি এ বছরের ফেব্রুয়ারিতে সই হয়।
সরকারের ব্যাখ্যা অনুযায়ী, এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের অভিজ্ঞতা কাজে লাগানো হচ্ছে এবং চুক্তির মেয়াদ শেষে টার্মিনালটি বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। তবে আনু মুহাম্মদ চুক্তিকে উন্নয়নের নামে নব্য উপনিবেশায়ন বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, বন্দরের সমস্যার আসল কারণ সমুদ্রের গভীরতা, কাস্টমস ও আমলাতন্ত্র।
