সেন্ট মার্টিন্স ভ্রমণে এবার পরিবেশের নামে পর্যটকদের ওপর আরোপ করা হলো নতুন ফি!

সেন্ট মার্টিন্স ভ্রমণে এবার পরিবেশের নামে পর্যটকদের ওপর আরোপ করা হলো নতুন ফি!
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন্স ভ্রমণ নিয়ে নানারকম ‘ফন্দি ফিকির ও তালবাহানা চলছে ২০২৪-এর ৫ই আগস্ট পরবর্তী সময় থেকে। ইউনূস আমলে পরিবেশের দোহাই দিয়ে নানারকম নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি পর্যটকদের ওপর বিভিন্ন বিধি-বিধান চাপানো হয়। এর প্রভাব পড়ে দ্বীপের পর্যটন খাতের ওপর। বিএনপি সরকারও খুব একটা ব্যতিক্রম ছিল না।

অনেক জলঘোলার পর এবার পর্যটকসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। একই সঙ্গে ভ্রমণের সময়সীমা বাড়িয়ে ১৫ই মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দ্বীপটি ভ্রমণে প্রত্যেক পর্যটককে পরিবেশ সংরক্ষণ ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে।

পর্যটন গমনবিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরিনা রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এসব সিদ্ধান্ত জানানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ১লা নভেম্বর থেকে ১৫ই মার্চ পর্যন্ত প্রতিদিন সাড়ে ৩ হাজার পর্যটক সেন্ট মার্টিন্স ভ্রমণ করতে পারবেন। প্রত্যেক পর্যটককে পরিবেশ সংরক্ষণ ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে। এই ফি আদায়ের জন্য পরিবেশ অধিদপ্তর পরিবেশ সংরক্ষণবিষয়ক ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর বিধি ২৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে টেকনাফের পরিবর্তে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল করবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌপরিবহন অধিদপ্তর সেন্ট মার্টিন্সে নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না।

নতুন চিঠিতে আরও বলা হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০২৩ সালের ২২ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনাগুলোও বহাল থাকবে।

Visited 8 times, 1 visit(s) today