❐ নিজস্ব সংবাদদাতা
২০২৪-এর জুলাই-আগস্টের সংঘাতে পুলিশ হত্যায় সরাসরি অংশ নেওয়া হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র (ছাত্র) আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসান তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করলেও তা আমলে নেয়নি পুলিশ। উল্টো এ ঘটনাকে ‘সাজানো নাটক’ আখ্যা দিয়েছে তদন্তকারীরা।
শুক্রবার মধ্য রাতে ফেসবুক লাইভে মাহদী এমন অভিযোগের পর ঘটনাস্থলে গিয়ে তেমন কোনো আলামত পাওয়া যায়নি বলে ইতিমধ্যে জানিয়েছে পুলিশ। বরং তাদের ভাষ্য, ব্যাটারিচালিত রিকশা চার্জের বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
এদিকে, মাহদীর অভিযোগ আমলে না নেওয়ায় বিভিন্ন পক্ষে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
স্থানীয় বৈছা কর্মীদের ভাষ্য, জুলাইতে “ফ্যাসিস্ট” পুলিশ সদস্যদের পুড়িয়ে হত্যা করার মাধ্যমে দেশকে “ফ্যাসিবাদ”মুক্ত করতে অবদান রাখায় মাহদী এখন পুলিশের চক্ষুশূল। বিগত দুই বছরে বেশ কয়েকবার পুলিশ তাকে “হেনস্তা” করেছে, এখন তার কথা বিশ্বাসও করছে না।
আবার এলাকার মানুষ বলছেন, বৈছা নেতারা একই ধরনের নাটক সাজাতে সাজাতে এখন মানুষের কাচে অবিশ্বাসের পাত্রে পরিণত হয়েছে। ২০২৪-এর ৫ই আগস্টের পর থেকে তাদের গুপ্ত চেহারা প্রকাশ্য হওয়ায় কেউ তাদের বিশ্বাস করছে না।
উল্লেখ্য, থানায় গিয়ে পুলিশের ওপর মব চালাতে গিয়ে সদম্ভে স্বীকারোক্তি দিয়েছিলেন মাহদী, কীভাবে বানিয়াচং থানায় এসআই সন্তোষকে পুড়িয়ে হত্যায় জড়িত ছিলেন তিনি।
মাহদী ও থানার ওসি আবুল কালামের মধ্যে তর্কের একটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে মাহদীকে বলতে শোনা যায়, আন্দোলনের কারণেই বর্তমান প্রশাসন প্রতিষ্ঠিত হয়েছে। দাঙ্গার সময় বানিয়াচং থানায় অগ্নিসংযোগ এবং পুলিশের এসআই সন্তোষ চৌধুরীকে পুড়িয়ে হত্যার ঘটনায় তারাই জড়িত ছিলেন।
প্রসঙ্গত, মাহদী হাসানের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে। সাড়ে ১২টার দিকে সেখানে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ তার।
তিনি বলেন, দুর্বৃত্তরা তাদের বসতঘরের টিনের চাল লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ ছাড়া তার ছোট চাচা আনোয়ার আলীর ঘরের বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে আরও একটি পেট্রোল বোমা ছোড়া হয়।
মাহদী বলেন, রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তারা। হঠাৎ বসতঘরের টিনের চালের ওপর পরপর দুটি বিকট শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর ছোট চাচা আনোয়ার আলীর ঘরের বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে আরেকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হলে সেখানে আগুন ধরে যায়।
পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘর থেকে বের হয়ে বৈদ্যুতিক মিটারটি পুড়ে যেতে দেখেন তারা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের মত কোনো ঘটনা ঘটেনি বলে জানান হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক।
তিনি বলেন, আগুন জ্বলতে দেখে মাহদীসহ পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে আসেন। তবে ফেসবুক লাইভে মাহদী পেট্রোল বোমা নিক্ষেপের যে অভিযোগ করেছেন, ঘটনাস্থলে তার কোনো আলামত পাওয়া যায়নি।
পুলিশের ভাষ্য, পেট্রোল বোমা হামলা হলে ঘটনাস্থলে বোতল ভাঙা কাচের আলামত থাকার কথা। কিন্তু এখানে সেরকম কিছু দেখা যায়নি।
ওসি জাহিদুল বলেন, মাহদীর বাড়ির সামনে তার চাচার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়া হয়। ওই মিটারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
