❐ জেলা প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে সোঁতিজাল উচ্ছেদ অভিযান নিয়ে প্রশাসনের কাছে তথ্য দেওয়ার সন্দেহে এক ব্যবসায়ীকে প্রায় ৫ ঘণ্টা আটকে রেখে মারধর ও ১২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পরে ৩ লাখ টাকা আদায় করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল কাদের।
এ ঘটনায় গতকাল ১৩ই নভেম্বর, শুক্রবার রাতে অভিযুক্ত বিএনপি ও ছাত্রদল নেতাসহ দলের ৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্তরা হলেন— উপজেলার জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন (৩০), সাধারণ সম্পাদক সাব্বির হোসেন (৩২), কর্মী জাহিদুল ইসলাম (৩০), সুজন মিয়া (২৮), বিএনপি নেতা আফসার আলী (৫৫), রফিক সরকার (৪৫), আস্তল আলী (৩০), রুবেল হোসেন (৩০) ও জোবায়ের হোসেন (৩৫)।
এছাড়া অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে তাদের সবাই স্থানীয় জোনাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাসেলের অনুসারী বলে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা বিলে একটি সেতুর মুখে সোঁতিজাল বসিয়ে মাছ ধরছিলেন ছাত্রদল নেতা বাবুল হোসেন। খবর পেয়ে গত ১০ই নভেম্বর, মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস সেখানে অভিযান চালিয়ে সোঁতিজাল উচ্ছেদ করেন এবং প্রায় তিন লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করেন। সেতুর পাশে সোঁতিজাল বসানো ওই জমির মালিক জোনাইল পাগলা বাজারের ব্যবসায়ী আব্দুল কাদের।
ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল কাদেরের অভিযোগ, সোঁতিজাল উচ্ছেদের ঘটনায় তাকে সন্দেহ করেন বাবুল হোসেন। প্রশাসনকে খবর দিয়ে অভিযান পরিচালনায় সহযোগিতা করার মিথ্যা অভিযোগ তুলে গত মঙ্গলবার দুপুরে বিল থেকে বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে যান বাবুল ও তার লোকজন।
আফসার আলীর বাড়ির পাশের একটি আমবাগানে তাকে আটকে রাখার পর চামটা বিলে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে মারধর করা হয় এবং অভিযানের ‘ক্ষতিপূরণ’ বাবদ ১২ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে জিম্মি করে রাখা হয়।
পরে নিরুপায় হয়ে বাড়ি থেকে লোক মারফত তিন লাখ টাকা এনে তাদের হাতে তুলে দেন তিনি। এমনকি আরও এক লাখ টাকা দেওয়ার জন্য জোরপূর্বক অঙ্গীকারও নেওয়া হয়। তার দাবি, অভিযুক্ত আফসার আলী নিজ হাতে তার কাছ থেকে টাকা নিয়েছেন।
টাকা নেওয়া ও মারধরের অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আফসার আলী বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। কোথায় কী ঘটেছে, তাও আমার জানা নেই।’
অন্যদিকে, অভিযুক্ত ছাত্রদল নেতা বাবুল হোসেন দাবি করেন, ‘প্রশাসনকে খবর দেওয়ার বিষয়ে তাকে সন্দেহ করা হয়েছিল। কিন্তু তিনি জড়িত না থাকায় আত্মীয়স্বজন এসে তাকে নিয়ে গেছেন। মারধর বা কোনো টাকা-পয়সা লেনদেনের অভিযোগ সম্পূর্ণ সঠিক নয়।’
এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘ঘটনাটি অত্যন্ত বিব্রতকর। এ ব্যাপারে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

