হামে শিশুমৃত্যু, মব-হত্যা-নির্যাতনে জমা ক্ষোভের বহিঃপ্রকাশ: ইউনূসের  গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলা-অগ্নিসংযোগ

হামে শিশুমৃত্যু, মব-হত্যা-নির্যাতনে জমা ক্ষোভের বহিঃপ্রকাশ: ইউনূসের  গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলা-অগ্নিসংযোগ
শেয়ার করুন

দীর্ঘদিনের নিপীড়ন, বিচারহীনতা ও চেপে রাখা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে গ্রামীণ ব্যাংককে লক্ষ্যবস্তু করার অভিযোগ; এক সপ্তাহে ১৬ জেলার ২২ শাখায় হামলা ও আগুন দেওয়ার দাবি প্রতিষ্ঠানের

 

নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬।


ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে মব সন্ত্রাস, রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা, হত্যা, দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা এবং হামের প্রাদুর্ভাবে হাজারো শিশুর মৃত্যুসহ বিভিন্ন ঘটনায় জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে। গত এক সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠানটির অন্তত ২২টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। সর্বশেষ ১৬ নভেম্বর দিবাগত রাতে রাজশাহী জোনের জামনগর-বাগাতিপাড়া শাখা এবং পটুয়াখালী জোনের টিয়াখালী-কলাপাড়া শাখায় আগুন দেয় দুর্বৃত্তরা।

গ্রামীণ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠানটির শাখায় হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামিদ অভিযোগ করেছেন, গ্রামীণ ব্যাংকের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের নাম যুক্ত থাকায় একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থকেরা এসব হামলা চালাতে পারে। তাঁর ভাষায়, গ্রামীণ ব্যাংকের মালিকানা ড. মুহাম্মদ ইউনূসের—এমন একটি ভুল ধারণা থেকে প্রতিষ্ঠানটির ওপর হামলাকে ইউনূসের ওপর হামলা হিসেবে দেখানো হচ্ছে।

তিনি বলেন,

“গ্রামীণ ব্যাংকের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের নাম যুক্ত থাকায় একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থকরা এসব ঘটনা ঘটাতে পারে। গ্রামীণ ব্যাংকের মালিকানা ড. মুহাম্মদ ইউনূসের—গ্রামীণ ব্যাংকে হামলা হলে ড. মুহাম্মদ ইউনূসের ওপর হামলা হয়, এই একটা পারসেপশন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছে। যা সম্পূর্ণ ভুল।”

তবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক স্পষ্ট করেছেন, প্রতিষ্ঠানটি কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন নয়।

চেপে রাখা ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি রাজনৈতিক প্রতিহিংসা?

গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলার ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বলে মনে করছেন সংশ্লিষ্ট রাজনৈতিক পরিস্থিতির পর্যবেক্ষকেরা। ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দেশজুড়ে মব সন্ত্রাস, রাজনৈতিক পরিচয়ের অভিযোগে সাধারণ মানুষের ওপর হামলা, হত্যা, বিচারবহির্ভূত নির্যাতনের অভিযোগ এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার মতো ঘটনাকে কেন্দ্র করে সমাজের বিভিন্ন স্তরে অসন্তোষ তৈরি হয়েছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে হামের ভয়াবহ প্রাদুর্ভাব এবং টিকাসংকটের কারণে হাজারো শিশুর মৃত্যু। টিকা সংগ্রহের প্রক্রিয়া পরিবর্তন ও সরবরাহে বিলম্ব নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় ব্যর্থতার দায় নিয়েও সমালোচনা তৈরি হয়েছে।

দীর্ঘদিন ধরে এসব ঘটনা, অভিযোগ ও ক্ষোভের রাজনৈতিক প্রতিফলন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে। গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে হামলা সেই জমে থাকা ক্ষোভেরই একটি বহিঃপ্রকাশ কি না, সে প্রশ্নও সামনে আসছে।

 

ইউনূসের নাম ও পরিচয়ের সঙ্গে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের সম্পর্কের কারণে তাঁর সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের প্রতি জনঅসন্তোষের প্রভাব প্রতিষ্ঠানটির ওপর পড়ছে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

একদিকে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ হামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছে, অন্যদিকে সরকারের আমলে সংঘটিত বিভিন্ন ঘটনা নিয়ে জনমনে জমে থাকা ক্ষোভের বিষয়টিও উপেক্ষা করার সুযোগ নেই।

তবে হামলার পেছনে কারা রয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় কী এবং এসব ঘটনার সঙ্গে সরকারের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের আদৌ কোনো প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

এ পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ২২টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক অসহিষ্ণুতার নতুন উদ্বেগ তৈরি করেছে।

 

Visited 1 times, 1 visit(s) today