জেলা প্রতিনিধি
বিএনপির সমাবেশ শেষে নড়াইলের কালিয়া উপজেলার হিন্দু অধ্যুষিত এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী ও হিন্দু ধর্মাবলম্বীদের শতাধিক বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকালে কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রাম ও বড়দিয়া বাজারে এসব ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজন জানান, বিএনপির সমাবেশ শেষে হামলাকারীরা আওয়ামী লীগের নেতাকর্মী ও হিন্দু ধর্মাবলম্বীদের ভাঙচুর, লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগ করে। এছাড়া বড়দিয়া বাজারের বেশ কিছু দোকানেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
পুড়ে যাওয়া বাড়িঘরের মধ্যে রয়েছে, নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘর আছে।
এছাড়া কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়ি সংলগ্ন ঘোষপাড়ার কমপক্ষে ১৫ টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির বলেন, শুক্রবার বেলা ৪টার দিকে তারা ওই গ্রামের বেশকিছু বাড়িতে আগুন লাগার খবর পেলে গ্রামটিতে যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখায় বাধার মুখে পড়ি। সেসব সরিয়ে রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে আগুন অনেকটাই নেভে গিয়েছিল। গ্রামটির অন্তত ২০-২৫ বাড়ির অর্ধশতাধিক বসত-ঘর আগুনে পুড়ে গেছে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশের ওসিসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে ১৫-২০টি বাড়িতে ভাঙ্চুর ও কয়েকটি বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব বাড়ির মধ্যে সাবেক সংসদ সদস্যের গ্রামের বাড়িও আছে।”
এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।
এদিকে পুলিশ সদর দপ্তরের এক বিবৃতিতে হামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পুড়ানোর ঘটনার কথা স্বীকার করা হলেও হিন্দুদের উপরে কোন হামলা হয়নি বলে দাবি করা হয়েছে।
