২৫ দিনের জন্য আদানির বিদ্যুৎকেন্দ্রের অর্ধেক বন্ধ, বাড়বে সরবরাহ ঘাটতি

২৫ দিনের জন্য আদানির বিদ্যুৎকেন্দ্রের অর্ধেক বন্ধ, বাড়বে সরবরাহ ঘাটতি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক


ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আজ বুধবার মধ্যরাত থেকে ২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত ইউনিটটি বন্ধ রাখা হবে। এতে কেন্দ্রটির মোট ১ হাজার ৬০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার অর্ধেক বন্ধ থাকবে।

আদানি পাওয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগে থেকেই এ কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে। এ সময়ে ইউনিটটিতে প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রপাতির সেবা ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে।

এ বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সম্মতি নেওয়া হয়েছে।

তবে এ সময়ে কেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে বলে জানিয়েছে আদানি পাওয়ার। ফলে আগামী ২৫ দিন কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্ধেকে নেমে আসবে।

পিডিবির ঘণ্টাভিত্তিক তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। ওই দিন সন্ধ্যা ৭টায় আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ ছিল ৯০১ মেগাওয়াট।

আজ বুধবার দুপুর ১টায় কেন্দ্রটি থেকে ৯২৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয়েছে। এ সময় জাতীয় গ্রিডে মোট বিদ্যুৎ সরবরাহ ছিল ১০ হাজার ৯৮৫ মেগাওয়াট।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শীতের কারণে বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম। ফলে আদানির একটি ইউনিট বন্ধ থাকলেও আপাতত চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহে সমস্যা হওয়ার আশঙ্কা কম বলে মনে করছে পিডিবি।

তবে এ সময়ে বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। বিশেষ করে একটি ইউনিট বন্ধ থাকায় আদানির কেন্দ্র থেকে সরবরাহের সক্ষমতা কমে যাওয়ায় বাড়তি চাহিদার সময় বিদ্যুৎ ব্যবস্থাপনায় চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত ইউনিটটি বন্ধ থাকায় এ সময়ের মধ্যে বিদ্যুতের চাহিদা বাড়লে বিকল্প উৎস থেকে ঘাটতি পূরণের প্রয়োজন হতে পারে।

Visited 1 times, 1 visit(s) today