খুলনা-বরিশাল বিভাগ থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার বাস চলাচল বন্ধ

খুলনা-বরিশাল বিভাগ থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার বাস চলাচল বন্ধ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

যাত্রীদের নিরাপত্তার স্বার্থে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকাল ৫টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

গোপালগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠা এবং বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় পরিবহন মালিকপক্ষ।

খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান জানান, শনিবার বিকালে হঠাৎ গোপালগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একই সময়ে বাগেরহাটের মোল্লাহাটেও দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকাল ৫টা থেকে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি জানান, রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকে খুলনা অঞ্চলের বাস যশোর-আরিচা হয়ে ঢাকায় চলাচল করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পথে বাস চলাচল অব্যাহত থাকবে।

এর আগে গত ১৮ নভেম্বর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছিল পরিবহন মালিকপক্ষ।

Visited 14 times, 9 visit(s) today