কারামুক্ত জঙ্গিনেতার হুমকিতে চার শীর্ষ সংবাদপত্রে থরহরি কম্প, কড়া নিরাপত্তা

কারামুক্ত জঙ্গিনেতার হুমকিতে চার শীর্ষ সংবাদপত্রে থরহরি কম্প, কড়া নিরাপত্তা
শেয়ার করুন

নিউজ ডেস্ক:

শুধুমাত্র লেখালেখি করায় খুন হন অনেক ব্লগার। যাদের হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। আওয়ামী লীগ সরকার এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল। সংগঠনটির প্রধান জসিমুদ্দীন রাহমানীর কথায় উদ্বুদ্ধ হয়ে খুনিরা ব্লগার ও লেখকদের হত্যা করে। যা খুনিরা জবানবন্দিতে জানায়। রাজীব হায়দার, ওয়াশিকুর রহমান বাবুসহ অনেক ব্লগারকে হত্যা করেছিল জসিমুদ্দীন রাহমানীর শিষ্যরা।

সেই জঙ্গিনেতা জসিমুদ্দীন রাহমানীর হুমকির প্রেক্ষিতে ৪টি গণমাধ্যমের সামনে ৪ ঘণ্টা অবস্থান নিয়েছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ঘেরাওয়ের হুমকি দেওয়া হলেও কোনও গণমাধ্যমের কার্যালয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুই দিন আগে জসিমুদ্দীন রাহমানী শুক্রবার (২৫শে অক্টোবর) বিকাল ৩টায় দৈনিক কালবেলা, প্রথম আলো, ডেইলি স্টার ও দৈনিক সমকাল ঘেরাওয়ের হুমকি দেয়। এর প্রেক্ষিতে জুমার নামাজের আগেই গণমাধ্যমগুলোর সামনে অবস্থান নেয় আইন-শৃঙ্খলা বাহিনী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) ওবায়দুর রহমান জানান, নিরাপত্তাজনিত কারণে পুলিশ মোতায়েন করা হয়েছিল। প্রয়োজনে আবারও পুলিশ মোতায়েন করা হবে।

দৈনিক কালবেলা জানায়, দুপুর ১টার দিকে নিউমার্কেট এলাকার কার্যালয়ের সামনে পুলিশের একটি জলকামানসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসেন। বিকাল ৫টার দিকে তারা চলে যান। তবে কার্যালয়ে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ডেইলি স্টার জানায়, তাদের কার্যালয়ের সামনেও দুপুর ১টায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছিল। বিকাল ৫টার দিকে তারা চলে গেছেন। প্রথম আলো ও সমকালও হামলার কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছে।

তবে ঘেরাওয়ের হুমকি ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের কারণে চারটি গণমাধ্যমের কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।

সাংবাদিকরা জানান, যে ব্যক্তি এই হুমকি দিয়েছে, সেই জসিমুদ্দীন রাহমানী একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের আধ্যাত্মিক নেতা হিসেবে কারাবন্দি ছিল। জুলাই ষড়যন্ত্রের পর ক্ষমতার পট পরিবর্তন হলে অন্য অনেক জঙ্গির সাথে তাকেও কারামুক্ত করে দেওয়া হয়। সেই জঙ্গি এখন গণমাধ্যমে হামলা ও ঘেরাওয়ের হুমকি দিয়ে বেড়াচ্ছেন। এই ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা উচিত।

প্রসঙ্গত, দু’দিন আগে ইউটিউবে প্রকাশিত এক ওয়াজ মাহফিলের ভিডিওতে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান হিসেবে অভিযুক্ত জসিম উদ্দিন রহমানিকে ঢাকার কয়েকটি গণমাধ্যমের সমালোচনা করতে শোনা যায়।
দেশ ছেড়ে পলাতক পিনাকী ভট্টাচার্য, প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত ইলিয়াস হোসেন ও কনক সরওয়ার, বিএনপি-জামায়াত আমলে র‌্যাবের ক্রসফায়ার এক্সপার্ট হিসেবে কাজ করা ও জঙ্গিবাদে মদদের অভিযোগে সেনাবাহিনী থেকে বরখাস্ত হাসিনুর রহমানসহ বিভিন্ন জঙ্গী সংগঠনের নেতৃবৃন্দ বৈঠকে মিলিত হয়।

কে এই জসিমুদ্দীন রাহমানী?

২০১৩ সালের আগস্টে বরগুনা শহরের উপকণ্ঠে দক্ষিণ খাজুরতলা এলাকার জলিল মাস্টারের বাড়ি থেকে গোপন বৈঠক চলাকালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ ৩১ জঙ্গীকে আটক করে গোয়েন্দা দল। পরদিন তার ঢাকার বছিলার বাড়িতে তল্লাশি চালিয়ে অসংখ্য জিহাদি বই ও জঙ্গি প্রশিক্ষণের শতাধিক সিডি উদ্ধার করে পুলিশ।

বছিলায় মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার নীচতলায় মসজিদ। পাশে টিনশেডে জসিমুদ্দীনের অফিস, পরিবার নিয়ে থাকার ঘর, কম্পিউটার কক্ষ, লাইব্রেরিসহ ৮টি কক্ষ রয়েছে। বরগুনায় তাকে আটকের খবর শুনে ঢাকায় দ্রুত তার কম্পিউটারসহ বিভিন্ন সামগ্রী সরিয়ে ফেলে অনুসারীরা।

জসিমুদ্দীন বরগুনা সদর উপজেলার দক্ষিণ হেউলিবুনিয়া গ্রামের মৃত নূর হাওলাদারের ছেলে। ৫ ভাইয়ের মধ্যে চতুর্থ জসীম উদ্দিন বরগুনা শহরের ইসলামিয়া হাফেজি মাদ্রাসা থেকে হাফেজি পাস করে ঢাকার মোহাম্মদপুরে শায়খুল হাদিস আজিজুল হক প্রতিষ্ঠিত জামেয়া রাহমানিয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে ১৯৯০ সালে প্রথম দাওরা (মাওলানা) পাস করে ভারতের দেওবন্দে পড়াশোনা করেন। পরে হায়দ্রাবাদের সাবেলুস সালাম মাদ্রাসা থেকে মুফতি (ফিকাহ শাস্ত্রে) পাস করেন।

এরপর ঢাকার জামেয়া রাহমানিয়া মাদ্রাসা ও বরিশালের মাহমুদিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন। ২০০৪ সালে তিনি বরগুনা কেন্দ্রীয় সদরঘাট জামে মসজিদে প্রধান খতিব হিসেবেও চাকরি করেন। পরে তিনি সৌদি আরবের মদিনায় লিসানস বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন। এরপর দেশে ফিরে প্রথমে ধানমন্ডির হাতেমবাগ মসজিদের খতিব ও পরে ঢাকার মোহাম্মদপুরের বছিলায় মারকাজুল উলুম আল ইসলামিয়া নামে একটি মাদ্রাসা ও একটি মসজিদ প্রতিষ্ঠা করেন। তিনি সেই মাদ্রাসার পরিচালক হন।

এই মাদ্রাসা ও মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তিনি ওয়াজ, জুমার নামাজের খুতবা, পুস্তিকা ছাপিয়ে ও ইন্টারনেটের মাধ্যমে উগ্র মতবাদ প্রচার এবং তরুণদের জিহাদে উদ্বুদ্ধ করে আসছেন। একই সঙ্গে তিনি গোপন জঙ্গি তৎপরতা চালিয়ে আসছিলেন।

জসিমুদ্দীন রাহমানী ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী রাজীব হায়দার হত্যা মামলায় ৫ বছরের দণ্ডপ্রাপ্ত ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সিকিউরিটি আইনে দায়ের আরও ৫টি মামলা বিচারাধীন। এসব মামলার মধ্যে একটিতে তার সাজার মেয়াদ শেষ হয়েছে। অন্য ৫টি মামলায় তাকে জামিন দেখিয়ে কারগাার থেকে বের করে আনে তার অনুসারীরা।

২০১৩ সালের ১৫ই ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীতে বাসার সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। ওই মামলায় ২০১৫ সালের ৩১শে ডিসেম্বর রায়ে আনসারুল্লাহ বাংলা টিমের ২ জঙ্গিকে ফাঁসি, ৪ জনকে ১০ বছরের কারাদণ্ড, একজনকে ৩ বছরের এবং জসীমুদ্দীন রাহমানীকে ৫ বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। রাজীব হত্যায় উস্কানিদাতা হিসেবে রাহমানীর সাজা হয়েছিল। পরে উচ্চ আদালতেও ওই সাজা বহাল থাকে।

Visited 22 times, 1 visit(s) today