তিন থেকে চার সপ্তাহর জন্য ছিটকে গেলেন সৌম্য

তিন থেকে চার সপ্তাহর জন্য ছিটকে গেলেন সৌম্য
শেয়ার করুন

বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার সৌম্য সরকার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যাচ নিতে গিয়ে আঙুলে গুরুতর চোট পেয়েছেন। এই চোটের কারণে তিনি আগামী তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।

ঘটনাটি ঘটে ম্যাচের সপ্তম ওভারে। তানজিম হাসান সাকিবের একটি বল লেট কাট করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান রভম্যান পাওয়েল। ক্যাচটি নিতে গিয়ে সৌম্যের ডান হাতের তর্জনী আঙুলে আঘাত লাগে। তাকে মাঠ থেকে উঠিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, আঙুলে পাঁচটি সেলাই দিতে হয়েছে এবং একটি জয়েন্ট নড়ে গেছে।

বিসিবির ফিজিও বায়েজুল ইসলাম জানান, “সৌম্যের আঙুলে চোটের কারণে তাকে অন্তত তিন সপ্তাহ বাইরে থাকতে হবে।” এই চোটের কারণে তিনি আসন্ন বিপিএলের শুরুর দিকের কয়েকটি ম্যাচও মিস করবেন এই ব্যাটার।

সৌম্য সরকার এই সিরিজে বেশ ভালো ফর্মে ছিলেন। প্রথম ম্যাচে তিনি ৩২ বলে ৪৩ রান করেছিলেন। সৌম্যের চোট পাওয়ার দিনে ২৭ রানে জিতে ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে বাংলাদেশ। শুক্রবার সিরিজের শেষ ম্যাচ, তাতে সৌম্যকে ছাড়া খেলবে বাংলাদেশ।

Visited 21 times, 1 visit(s) today