আবাসিক হোটেল থেকে প্রবাসীর লাশ উদ্ধার, বান্ধবী গ্রেপ্তার

আবাসিক হোটেল থেকে প্রবাসীর লাশ উদ্ধার, বান্ধবী গ্রেপ্তার
শেয়ার করুন
সংবাদ প্রতিবেদন

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় একটি আবাসিক হোটেল থেকে মো. আরাফাত ইসলাম (২৩) নামে এক সৌদি প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় করা মামলায় বান্ধবী স্বর্ণা বিনতে মিম নামে এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার ২০শে ডিসেম্বর ভোরে মালিবাগ চৌধুরীপাড়ার আর ইসলাম আবাসিক হোটেলের ৫ম তলার ৪১১নং কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় রামপুরা থানা পুলিশ।

নিহত আরাফাত মাদারীপুর জেলার শিবচর উপজেলার যাদুরচর গ্রামের জয়নাল মুন্সির ছেলে। তিনি খিলগাঁও দক্ষিণ গোড়ান ছাপড়া মসজিদের পাশে থাকতেন।

পুলিশ জানায়, হোটেলের ওই কক্ষে আরাফাত ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আত্মহত্যা প্ররোচনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার নিহত যুবকের বান্ধবী মিমকে গ্রেপ্তার করা হয়েছে।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে ৪৭৫/সি মালিবাগ চৌধুরীপাড়ার আবাসিক হোটেলের ৫ম তলার ৪১১নং কক্ষের দরজা ভেঙে বিছানার চাদর দিয়ে ছাদের নিচের অংশে রডের অ্যাঙ্গেলের সঙ্গে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ১৮ই ডিসেম্বর স্বর্ণা বিনতে মিম (২০) নামে একটি নারীকে সঙ্গে নিয়ে ওই হোটেলে উঠেছিলেন আরাফাত। ঘটনার সময় ওই নারী কক্ষের বাইরে ছিলেন। প্রেমসংক্রান্ত বিষয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় নিহতের বাবা-মা হত্যা প্ররোচনায় মামলা করলে অভিযুক্ত বান্ধবী স্বর্ণা বিনতে মিমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Visited 84 times, 1 visit(s) today