বন বিভাগের কর্মকর্তাসহ ১৯ শ্রমিককে তুলে নিয়ে গেছে ডাকাতদল

বন বিভাগের কর্মকর্তাসহ ১৯ শ্রমিককে তুলে নিয়ে গেছে ডাকাতদল
শেয়ার করুন
স্থানীয় সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমুড়া এলাকায় কাজ করার সময় বন বিভাগের ১৯ শ্রমিককে অপহরণ করেছে একটি ডাকাতদল।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃতদের উদ্ধারে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।

সোমবার ৩০শে ডিসেম্বর সকাল ১০টার দিকে এই অপহরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, অপহৃতদের নিরাপদে ফেরানোর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জানা গেছে, অপহৃতদের মধ্যে একজন বন-কর্মকর্তাও রয়েছেন।

ধারণা করা হচ্ছে, মুক্তিপণ আদায়ের লক্ষ্যেই বন কর্মকর্তাসহ শ্রমিকদের অপহরণ করেছে ডাকাতরা।

অপহৃতদের মধ্যে রয়েছেন- ফরেস্টার সাইফুল ইসলাম (২৭), সৈয়দ (৫০), রফিক, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮)।

এছাড়া আরও দুইজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

জানা গেছে, অপহৃতদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা শ্রমিকও আছেন।

টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ জানান, প্রতিদিনের মতো পাহাড়ে কাজ করতে যাওয়ার সময় শ্রমিকদের ওপর হামলা চালায় ডাকাতদল। তারা ১৯ জনকে অপহরণ করে। বিষয়টি জানার পরপরই এপিবিএন পুলিশ, উপজেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে নেমেছেন।

এ ঘটনার কারণে বন বিভাগের কর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত অপহৃতদের উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করা হবে।

Visited 31 times, 1 visit(s) today