সংবাদ প্রতিবেদন
জুলাই-আগস্টের সরকারবিরোধী আন্দোলনে প্রথম সারিতে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের বাদ দিয়ে সাতক্ষীরা জেলার আহ্বায়ক কমিটি গঠনের অভিযোগ উঠেছে। সেইসাথে আর্থিক অনিয়ম, তছরুপ, স্বজনপ্রীতিসহ বিভিন্ন অভিযোগ উঠেছে কমিটি সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
আজ শনিবার সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীদের একাংশ এসব অভিযোগ করে। সংবাদ সম্মেলন থেকে নতুন এই কমিটি বাতিলেরও দাবি জানানো হয়।
সকাল ১১টায় সাতক্ষীরা শহরের ‘শহীদ আসিফ’ চত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় নতুন কমিটি থেকে ৯ জন পদত্যাগ করেছেন বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন প্রধান সমন্বয়ক মো. ইমরান হোসেন।
ইমরান বলেন, সাতক্ষীরায় যে কমিটি ঘোষণা করা হয়েছে, তাতে স্বজনপ্রীতি, আর্থিক অনিয়ম এবং যোগ্য ব্যক্তিদের অবমূল্যায়ন করা হয়েছে। দলছুট, অনুপ্রবেশকারী, বহিরাগত ও আন্দোলনে যাদের কোনো ভূমিকা ছিল না, তাদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির প্রতি সম্মান রেখে আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনারা ঢাকায় বসে কমিটি করেছেন, আপনাদের উচিত ছিল সাতক্ষীরায় যারা নেতৃত্বে ছিল, তারাসহ সবার সঙ্গে কথা বলে সমন্বয় করে একটি বৈষম্যহীন কমিটি করা।
অপর সমন্বয়ক বখতিয়ার হোসেন বলেন, এই কমিটি একটি ভিত্তিহীন ভবন মাত্র। স্বজনপ্রীতির মাধ্যমে প্রকৃত ত্যাগীদের অবমূল্যায়ন করে পকেট কমিটি করা হয়েছে। যারা সামনের সারিতে থেকে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, তাদের অধিকাংশকে বাদ দিয়ে এই কমিটি দেওয়া হয়েছে। তাই এই পকেট কমিটিকে প্রত্যাখ্যান করা হচ্ছে। এই কমিটি গঠনে অনিয়ম করা হয়েছে।
এই কমিটি বাতিল করে আন্দোলনে যারা প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, তাদের নিয়ে একটি নিরপেক্ষ কমিটি করার জোর দাবি জানান তিনি।
গত ২৮শে ডিসেম্বর সাতক্ষীরা জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন করেন আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল। বৃহস্পতিবার বৈষম্যবিরোধীদের ফেসবুক পেজে সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কমিটির তালিকা প্রকাশ করা হয়।
আন্দোলনের সাতক্ষীরা জেলার ১৬৯ সদস্যের কমিটির আহ্বায়ক, সদস্যসচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র- চারজনই সাতক্ষীরা সদরের বাসিন্দা। কমিটিতে ১৪ জন যুগ্ম আহ্বায়ক, ১৩ জন যুগ্ম সদস্যসচিব, ১৬ জন সংগঠক এবং ১২২ জন সদস্য রয়েছে।
সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, কমিটি নিয়ে একটা ক্ষুদ্র অংশের অসন্তোষ রয়েছে। কেউ তার কাঙ্ক্ষিত পদ পাননি। আবার অনেকে কমিটিতে আসতে পারেনি বলে সংবাদ সম্মেলন করেছে।
নতুন কমিটির ৯ জনের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ৩ জনের নাম শুনেছেন তিনি। অন্য যাদের নাম বলা হচ্ছে, তারা কমিটিতে নেই।
