পাঠ্যবইয়ে অজ্ঞাত পরিচয় জুলাই শহীদের নাম, চেনে না কেউ

পাঠ্যবইয়ে অজ্ঞাত পরিচয় জুলাই শহীদের নাম, চেনে না কেউ
শেয়ার করুন
সংবাদ প্রতিবেদন

শিক্ষার্থীদের জন্য প্রণীত নতুন পাঠ্যবইয়ে সংস্কারের পর যুক্ত হলো জুলাই শহীদদের নাম। এই তালিকায় ‘নাহিয়ান’ নামে একজনের নাম যুক্ত হয়েছে। তবে জুলাই শহীদদের তালিকায় এই নামে কাউকে পাওয়া যায়নি। এমনকি সরকারবিরোধী আন্দোলনে সম্পৃক্ত থাকা সমন্বয়কদের কারো কাছ থেকে এই ‘নাহিয়ান’-এর পরিচয় জানা সম্ভব হয়নি।

কেউ কেউ দাবি করেন, নাহিয়ান নামের কোনো এক শহীদ ছাত্রলীগ নেতার নাম কৌশলে আওয়ামী লীগের দোসররা যুক্ত করে দিয়েছে পাঠ্যপুস্তকে।

তবে ‘নাহিয়ান’ প্রসঙ্গে আলোচনা-সমালোচনা বাড়তে থাকলে কর্তৃপক্ষ সজাগ হয়। তড়িঘড়ি করে সংশোধন করা হয় তথ্য।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডর (এনসিটিবি) ওয়েবসাইটে দেওয়া পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণে নামটি সংশোধন করা হয়। নাহিয়ান বাদ দিয়ে ‘নাফিসা’ যুক্ত করা হয়।

প্রসঙ্গত, এখনও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিপুলসংখ্যক বই ছাপার কাজ শেষ করতে পারেনি এনসিটিবি। ৪১ কোটি বইয়ের মাত্র ৬ কোটি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে।

২০১০ সাল থেকে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার যে রেওয়াজ শুরু করেছিল আওয়ামী লীগ সরকার, তা এবার ব্যর্থ হয় অন্তর্বর্তী সরকারের সময়।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে বলেছেন, প্রাথমিক ও মাধ্যমিকের ৪৪১টি বই পরিমার্জন করা হয়েছে। এনসিটিবির ওয়েবসাইটে বইগুলোর অনলাইন ভার্সন পাওয়া যাবে আজ (বুধবার) থেকেই।

তিনি আশ্বাস দিয়েছিলেন ৫ই জানুয়ারির মধ্যে প্রাথমিকের বাকি সব বই ও মাধ্যমিকের ৮টি বই পৌঁছে যাবে শিক্ষার্থীদের হাতে। এছাড়াও ১০ই জানুয়ারির মধ্যে মাধ্যমিকের দশম শ্রেণির বই ও ২০ তারিখের মধ্যে সকল শ্রেণির বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে।

একই অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ ঠিক সময়ে বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করে বলেন, নতুন বছরের প্রথম দিনে সারা দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে না পেরে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে আমরা আন্তরিক দুঃখিত।

এদিকে রংপুর আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের উপপরিচালক (ডিডি) মো. আব্দুর রশিদ শিক্ষার্থীদেরকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) ঢুকে অনলাইন ভার্সনে বই পড়ার পরামর্শ দিয়েছেন তিনি। সেই বই ডাউনলোড করে প্রিন্ট নিয়েও পড়া যাবে বলে জানান তিনি। এ নিয়ে সৃষ্টি হয়েছে তুমুল সমালোচনা।

Visited 73 times, 1 visit(s) today