আন্তর্জাতিক
ইউনূস সরকার পরিকল্পিতভাবে ভারতের সাথে যুদ্ধ লাগানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই কৃষিমন্ত্রী আরও উল্লেখ করেন ভারত নিজেদের মাটিতে কাঁটাতারের বেড়া দিচ্ছে, তাতেও বাধা দিচ্ছে বাংলাদেশ।
শনিবার ১১ই জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এশিয়ানেট নিউজ।
সংবাদমাধ্যমটি বলছে, শনিবার কলকাতা পৌর সংস্থায় একটি স্মরণসভা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশ নিয়ে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের এই শ্রমিক নেতা।
তিনি বলেন, ইউনূস সরকার নিজেই খুব একটা ভালো জায়গায় নেই। তারা তাদের দেশের মানুষের আস্থা হারাচ্ছে। জনগণের নজর ঘোরানোর জন্য ইউনূস সরকার উস্কানি ছড়ানোর চেষ্টা করছে। আমাদের সীমানায় আমরা কাঁটাতারের বেড়া দিলে তাদের কী? আমরা তো তাদের জমিতে গিয়ে তো কিছু করছি না। বাংলাদেশ ভারতকে কাঁটাতারের বেড়া দিতে দিচ্ছে না, বারবার আটকে দিচ্ছে কাজ।
শোভনদেব আরও বলেন, বাংলাদেশের ঘটনায় কিছু কিছু দেশের ইন্ধন আছে। তাই বাংলাদেশের ঘটনায় ভারত সরকারের আরও পজিটিভ পদক্ষেপ নেওয়া উচিত। একেবারে নীরবতা পালন করে ভারত সরকার দেশের মানুষের মনে আঘাত দিচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের মনে আঘাত আসছে।
প্রসঙ্গত, ৫ই আগস্ট থেকে শেখ হাসিনার ভারতে যাওয়ার পর থেকেই ঢাকা- দিল্লি সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। ইউনূস প্রশাসনে ভারতবিরোধী এবং পাকিস্তানপ্রেমিদের আধিক্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে ভারতে।
সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তের একটি অংশে ভারতের অভ্যন্তরে নিজেদের মাটিতে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা দেখা দেয়। চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলা সংলগ্ন সীমান্তের ভারতের দিকের অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে।
মূলত সীমান্তের ১২শ গজের মতো অংশে কোনও কাঁটাতারের বেড়া না থাকায় সেখানে বেড়া তৈরি করা হচ্ছিল। যার অংশ হিসেবে ভারতের অভ্যন্তরে ১শ গজ ভেতরে মাটি খোঁড়া হচ্ছিল বলে জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বিজিবি থেকে এ নিয়ে বাধা দেওয়া হয় এবং সাময়িকভাবে কাজ থামানো হয়।
নিয়ম অনুযায়ী, সীমান্ত লাইন থেকে দেড়শ গজের মধ্যে কিছু করা হলে সেটা অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয়। এক্ষেত্রে বিএসএফ বিজিবিকে জানায়নি বলে দাবি করেন লে. কর্নেল কিবরিয়া। যার প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনা নিরসনে বাংলাদেশ-ভারত সীমান্তে আপাতত বেড়া নির্মাণ স্থগিত রাখা হবে বলে শুক্রবার জানায় বিএসএফ।
প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। যার ৫০ শতাংশে কোনো বেড়া নেই। এরমধ্যে রাজ্যটির মালদার ১৭২ কিলোমিটার সীমান্তের ২৭ কিলোমিটার বেড়াবিহীন। বেড়া না থাকা অংশ দিয়ে চোরাচালান এবং মাদক পাচারের মত অপরাধ সংঘটিত হচ্ছে।
