পপ তারকা তাতালুর মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত হয়নি এখনও- ইরানের বিচার বিভাগের বিবৃতি

পপ তারকা তাতালুর মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত হয়নি এখনও- ইরানের বিচার বিভাগের বিবৃতি
শেয়ার করুন
আন্তর্জাতিক

ইরানের বিচার বিভাগ গতকাল রোববার রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন প্রত্যাখ্যান করে নতুন বিবৃতি দিয়েছে।

গণমাধ্যমটিতে দাবি করা হয়েছিল, নবী মুহাম্মদের অবমাননার অভিযোগে বিখ্যাত গায়ক আমিরহোসেইন মাগসুদলু ওরফে তাতালুকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের আদালত।

তাতালুর সেই মৃত্যুদণ্ড সংক্রান্ত প্রতিবেদনটি প্রথম প্রকাশ করে ইরানের সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান জাম-ই জাম। এরপরই বিশ্বজুড়ে এ নিয়ে তীব্র সমালোচনার ঝড় বইতে থাকে। ইরানের সরকার ও বিচার বিভাগকে ‘বর্বর’ ও ‘সঙ্গীতবিদ্বেষী’ আখ্যা দিয়ে সংবাদ প্রচারিত হয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে।

একইসঙ্গে অনুভূতিশীল নেটিজেনরাও জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, ইরানের হাত থেকে দ্রুত তাতালুর প্রাণ বাঁচাও। এমনকি অনেকে ইরানের ওপর আন্তর্জাতিক অবরোধ আরোপেরও দাবি তোলেন।

তবে ইরানি বিচার বিভাগের গণমাধ্যম অফিস গতকালের সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছে, তাতালুর চূড়ান্ত রায় এখনো দেওয়া হয়নি।

ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, সম্প্রতি এই গায়কের মামলাটি ‘আইনি ধারায় ছাড়পত্র পাওয়ার যোগ্য’ হয়ে উঠেছে। এমনকি ফৌজদারি আদালতের নবম শাখার রায়ে প্রসিকিউটর আপত্তি জানানোর পর তার বিরুদ্ধে ওঠা একটি অভিযোগ খারিজও করা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।

এছাড়া তার বিরুদ্ধে কয়েকটি মামলা ভিন্ন আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

২০১৮ সাল থেকে ইস্তাম্বুলে বসবাসরত ৩৭ বছর বয়সী এই সঙ্গীতশিল্পীকে ২০২৩ সালের ডিসেম্বরে তুর্কি সরকার ইরানে ফেরত পাঠায়। তখন থেকে তাকে আটকে রাখে ইরান সরকার।

তার বিরুদ্ধে ‘পতিতাবৃত্তি প্রচার’, ‘ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রচার’ এবং ‘অশ্লীল বিষয়বস্তু প্রচার’-এর মত কয়েকটি বিষয়ে অভিযোগ আনা হয়েছিল। যদিও কিছু কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছিল নবী মুহাম্মদের অবমাননা করেছেন তাতালু। কিন্তু ঠিক কী ধরনের অবমাননা এবং কোথায়, কখন করেছেন, এ নিয়ে কোনো তথ্য-প্রমাণ পরিষ্কার নয়।

আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, কট্টরপন্থী হিসেবে পরিচিত সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সমালোচনারর কারণেই তাকে তুরস্ক থেকে ফিরিয়ে আনে ইরান। তার সর্বোচ্চ সাজা নিশ্চিত করার জন্যই ‘পাব্লিক সিমপ্যাথী’ অর্জন করতে ‘নবী মুহাম্মদের অবমাননা’র মত স্পর্শকাতর অভিযোগ আরোপ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে তাতালু একটি টিভি অনুষ্ঠানের আয়োজিত বৈঠকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে অংশ নিয়েছিলেন। সেখানে তাতালু নানা প্রশ্নবাণে জর্জরিত করেন রাইসিকে। এ নিয়ে তার সমর্থক এবং উগ্রবাদী ইরানিরা ক্ষুব্ধ ছিলেন তাতালুর বিরুদ্ধে।

আমিরহোসেইন মাগসুদলু ওরফে তাতালু তার শরীরে বৈচিত্রময় ট্যাটু এবং পপ সঙ্গীতের জন্য তরুণদের কাছে বেশি পরিচিত। ২০১৫ সালে তেহরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে ঐতিহাসিক পরমাণু চুক্তি উন্মোচিত হওয়ার পর তিনি ইরানের পরমাণু কর্মসূচির সমর্থনে একটি গানও প্রকাশ করেছিলেন।

Visited 72 times, 1 visit(s) today